
ভোটারদের নিরুৎসাহিত করতে ICE অভিযান?
মধ্যবর্তী নির্বাচনের আগে লস অ্যাঞ্জেলেসে অভিযান ঘিরে উদ্বেগ
শাহ্ জে. চৌধুরী :
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর অভিযান বাড়ার অভিযোগ উঠেছে। অভিবাসন অধিকারকর্মী ও স্থানীয় নেতাদের দাবি, নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এসব অভিযানের সময় ও ধরন অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভীতি তৈরি করছে এবং ভোটার উপস্থিতি কমিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে এর প্রভাব পড়তে পারে।
লস অ্যাঞ্জেলেসের অভিবাসন অধিকার সংগঠনগুলোর নেতারা শুক্রবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ICE-এর তৎপরতা অভিবাসী সম্প্রদায়কে ভীত করে নাগরিক অংশগ্রহণ থেকে দূরে রাখার পরিবেশ তৈরি করছে। তারা ভোটারদের ভয় না পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং ভোটকেন্দ্রগুলোতে আইনগত পর্যবেক্ষক পাঠানোর উদ্যোগের কথা জানান।
অভিবাসন অধিকারকর্মীদের একজন বলেন, মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এ ধরনের তৎপরতার সময় নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মতে, এর ফলে শুধু অভিবাসী পরিবার নয়, পুরো কমিউনিটিতে ভীতির পরিবেশ তৈরি হতে পারে।
তবে ফেডারেল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানকারী এবং অন্য কোনো আইন ভঙ্গ না করা ব্যক্তিদের ICE-এর অভিযান নিয়ে ভীত হওয়ার কারণ নেই।
মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, ICE-এর তৎপরতা ঘিরে অভিবাসন আইন প্রয়োগ, নাগরিক অধিকার এবং ভোটার অংশগ্রহণ—এই তিনটি বিষয়ই নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে আসছে।



