
ছোট্ট পরমা টি পার্লস-এর ‘আমার শব্দের ঘ্রাণ’ কাব্যগ্রন্থের প্রকাশ অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা ॥ নিউ ইয়র্ক:নিউ ইয়র্কের প্রবাসী বাঙালি কমিউনিটিতে আজ যেন এক নতুন সুর ও সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়েছে। কথা ও কাব্যের অপূর্ব মেলবন্ধনে পুরো দিনটি উদ্ভাসিত ছিল কেবলই শব্দের মোহে। আর এই অনন্য আয়োজনের কেন্দ্রে ছিল সাত বছর বয়সী ক্ষুদে কবি পরমা টি পার্লস, যে তার বয়সের সীমানা ছাড়িয়ে এক বিশাল ও বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে। মাত্র সাত বছর বয়সেই পরমা একশটি কবিতা লেখার বিরল মাইলফলক স্পর্শ করে ফেলেছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, আজ ১৮ অক্টোবর, রবিবার সকালে সে তার জীবনের শততম কবিতাটি সম্পন্ন করে, যার নাম দিয়েছে ‘মাইলস্টোন’। বিকেলে নিজের উদ্বোধনী বক্তৃতায় শিশু কবি নিজেই যখন নির্ভেজাল হাসিমুখে উপস্থিত সুধীজনকে এই সুখবরটি জানায়, তখন পুরো মিলনায়তন করতালিতে মুখরিত হয়ে ওঠে।
শততম কবিতা সমাপ্তির এই আনন্দের পরপরই বিকেলে অনুষ্ঠিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘স্মেল অব মাই ওয়ার্ডস’ (Smell of My Words)-এর আনুষ্ঠানিক প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে পরমার লেখা ৫০টি নির্বাচিত কবিতা সংকলিত হয়েছে। ফলশ্রুতিতে, আজ সকাল থেকে সন্ধ্যা—সারাদিনই যেন সাহিত্যপ্রেমীরা পরমার সৃষ্টির সৌরভ ও ‘শব্দের ঘ্রাণে’ ব্যাকুল ও আচ্ছন্ন হয়ে ছিলেন। নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের জুয়িশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাই-স্টেট এলাকার প্রবাসীদের সমাগমে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খুদে কবির এমন অনন্য সৃষ্টিকে ঘিরে এই আয়োজন পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য এক গভীর গর্বের ও আনন্দের উৎসবে রূপ নেয়।
পরমা প্রবাসী সাংবাদিক পিনাকী তালুকদারের একমাত্র কন্যা। অভিবাসী জীবনের পটভূমিতে বেড়ে ওঠা এই শিশু কবির বইটিতে দুই সংস্কৃতির মাঝে বিকশিত হওয়া এক চঞ্চল ও সংবেদনশীল মনের বিশ্বপ্রকৃতি দেখার বিস্ময়, শৈশবের চিরায়ত নিস্পাপতা এবং অনুভূতির গভীর রূপ প্রকাশ পেয়েছে। তার সহজ-সরল অথচ অন্তর্ভেদী প্রকাশের ঢং উপস্থিত সবাইকে অভিভূত করেছে। এই সুসংবাদে খুদে কবিকে স্নেহ, শুভকামনা ও আশীর্বাদে ভরিয়ে দিতে সমবেত হয়েছিলেন নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাট থেকে আসা বহু খ্যাতনামা লেখক, কলামিস্ট, সংস্কৃতিজন ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কবিতা পাঠ, সারগর্ভ আলোচনা এবং সুমধুর গান ও সুরের আবহ পরিবেশকে অসাধারণ প্রাণবন্ত করে তোলে। আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান, ‘বাঙালী’ পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, প্রখ্যাত শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, সংস্কৃতিজন মিনহাজ আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি হাসানআল আবদুল্লাহ, কবি ফকির ইলিয়াস, সংস্কৃতিজন গোপাল সান্যাল, মো. হামিদ, প্রবীর কর, স্বীকৃতি বড়ুয়া, আবু সাঈদ রতন, শামীম আল আমীনসহ শিল্প ও সাহিত্য অঙ্গনের অসংখ্য গুণী ব্যক্তিত্ব এবং পরমার স্বজন-পরিজনগণ। অত্যন্ত সুসংগঠিতভাবে পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা ও উপস্থাপনা করেন খ্যাতিমান ছড়াকার মনজুর কাদের।
অনুষ্ঠানের মূল আলোচনায় বক্তারা প্রবাসে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের অভিবাসী শিশুদের সাহিত্য ও সংস্কৃতির চর্চার গুরুত্ব অত্যন্ত গভীরভাবে তুলে ধরেন। আলোচকদের কথায় স্পষ্ট হয়ে ওঠে যে, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য ‘স্মেল অব মাই ওয়ার্ডস’ সংকলনটি কেবল একটি কাব্যগ্রন্থ নয়, বরং একটি নতুন সম্ভাবনার প্রতীক। প্রবাসের ভিন্ন সংস্কৃতি ও বাস্তবতার মধ্যে সন্তানদের লালন-পালন করার সময় নিজস্ব পরিচয় ধরে রাখা এবং তাদের সুকুমার বৃত্তির বিকাশ ঘটানোর পথটি বেশ চ্যালেঞ্জিং। এই প্রেক্ষাপটে পরমার এই বইটি দেখিয়ে দেয় কীভাবে নতুন প্রজন্ম ইংরেজি ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেও দুই সংস্কৃতির চমৎকার মেলবন্ধন ঘটাতে পারে এবং সাহিত্যজগতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে।
নিজের গভীর চিন্তাভাবনাকে বইয়ের পাতায় সুন্দরভাবে রূপ দিয়ে পরমা আজ প্রবাসী সম্প্রদায়ের অন্যান্য ছোটদের সামনেও একটি দারুণ অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এই পথচলা কমিউনিটির অন্য শিশুদের কেবল পড়া ও লেখার প্রতি উৎসাহিত করবে না, বরং নিজেদের স্বতন্ত্র কণ্ঠস্বর চেনার ও ফুটিয়ে তোলার সাহস জোগাবে। অন্যদিকে, নতুন প্রজন্মের এই খুদে মেধার আত্মপ্রকাশে সমাজের প্রবীণ ও প্রতিষ্ঠিত লেখক এবং সংস্কৃতিজনদের এমন উপচে পড়া সাড়াদান প্রমাণ করে যে, প্রবাসী বাঙালি সমাজ তরুণের প্রতিভা ও নতুন সাহিত্যিক কণ্ঠকে সানন্দে স্বাগত জানাতে এবং তাদের লালন করতে সদাপ্রস্তুত।
বইটির প্রকাশনা মান ও নান্দনিক প্রচ্ছদ দৃষ্টিনন্দন। প্রচ্ছদ এঁকেছেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী তাজুল ইমাম। প্রকাশনায় উচ্ছ্বাস প্রকাশনী, ঢাকা।
অনুষ্ঠানের শেষলগ্নে উপস্থিত সকলে একযোগে কবি পরমা টি পার্লসকে এই অভাবনীয় অর্জনে আন্তরিক অভিনন্দন জানান এবং তার ভবিষ্যতের উজ্জ্বল ও নিরবচ্ছিন্ন সৃজনশীল যাত্রার সাফল্য কামনা করেন। বিশিষ্ট শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর আবেগময় ভাষায়, কবিতা ও গল্পের অমোঘ শক্তিতে পরমা টি পার্লসের ‘শব্দের ঘ্রাণ’ যেন বিশ্বময় ছড়িয়ে পড়ে এবং তার এই অপূর্ব সৃজনশীল প্রয়াস যুগে যুগে জয়যুক্ত হতে থাকে।
ছবি












