প্রবাস

জ্যাকসন হাইটসে ‘দ্য ইউনুস ফাইলস: আনমাসকিং এ ফেক সেইন্ট’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উৎসবমুখর পরিবেশ ও চিন্তাশীল আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আলোচিত গ্রন্থ ‘THE YUNUS FILES: UNMASKING A FAKE SAINT’-এর শুভ মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। নালন্দা প্রকাশনী কর্তৃক প্রকাশিত এই গ্রন্থটির প্রকাশনা উৎসব ঘিরে নিউ ইয়র্কের সাহিত্য ও রাজনীতি সচেতন বাঙালি সমাজে বেশ আগ্রহ লক্ষ করা যায়। ২৩ অক্টোবর, ২০২৬ শুক্রবার বিকেল ৬টায় জ্যাকসন হাইটসের ৩৭-০৬ ৭৭ স্ট্রিতে অবস্থিত ঐতিহ্যবাহী জুইস সেন্টারে (Jewish Center of Jackson Heights) প্রবাসী বাঙালি সুধীজন, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমিনুল হক পলাশ এবং প্রবীর বিধান রচিত এ গ্রন্থটিতে ড. মুহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক বলয়ে গড়ে ওঠা ভাবমূর্তি, তাঁর কাজকর্ম এবং তাঁর বিভিন্ন ভূমিকার আড়ালের নানা তথ্য বিস্তারিত বিশ্লেষণ সহকারে তুলে ধরা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আলোচকগণ বইটির বৈচিত্র্যময় অধ্যায় এবং সামাজিক ও রাজনৈতিক প্রাসঙ্গিকতার ওপর বিষদ আলোকপাত করেন। বক্তারা তাঁদের বক্তব্যে ড. ইউনুসের কর্মকাণ্ডের অন্তরালে লুকিয়ে থাকা বাস্তব চিত্র এবং কীভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপিত একটি অবয়বের আড়ালে ভিন্ন সত্য বিরাজ করে, তা এই বইয়ের বিভিন্ন তথ্যের সূত্র ধরে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেন।
বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ভূমিপুত্র তাজুল ইমাম। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত কবি ও বিশ্লেষক হাসানআল আব্দুল্লাহ। তিনি THE YUNUS FILES: UNMASKING A FAKE SAINT বইয়ের ভেতর থেকে বিভিন্ন উল্লেখযোগ্য অংশ তুলে ধরে বলেন, ইউনুস বাংলাদেশের শুধু স্থিতিশীলতাই বিনষ্ট করেনি, দেশটাকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মিরাজ; তিনি ইউনুস আমলে মুক্তিযোদ্ধাদের প্রতি অবহেলা, অপমান ও নির্যাতনের নানা দিক তুলে ধরেন। আওয়ামী লীগ নেতা জনাব প্রদীপ কর এবং মোহাম্মদ আলী সিদ্দীকী ইউনুসের নেতিবাচক চিন্তাচেতনার কথা যৌক্তিক ব্যাখ্যাসহ উপস্থাপন করেন। অনলাইনে যুক্ত হয়ে বইটি লেখার যৌক্তিকতা ও নিজস্ব উপলব্ধির কথা তুলে ধরেন গ্রন্থটির অন্যতম লেখক আমিনুল হক পলাশ।
গ্রন্থটির বিষয়বস্তু, সারসংক্ষেপ ও সমকালীন প্রেক্ষাপট নিয়ে সমৃদ্ধ আলোচনা পেশ করেন শিক্ষাবিদ ও সমাজকর্মী হোসনে আরা বেগম। বিশিষ্ট লেখক ও শিশুসাহিত্যিক জনাব হুমায়ূন কবীর ঢালী তাঁর বক্তব্যে বলেন, একাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ শুনে যে বাঙালি জাতি অনুপ্রাণিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সাতই মার্চের দিবসটি নিষিদ্ধ করেছে স্বাধীনতা বিরোধী ভণ্ড ইউনুস। সাংবাদিক ও লেখক জনাব শিব্বীর আহমেদ ইউনুসের অতীত কর্মকাণ্ডের বিষদ ফিরিস্তি তুলে ধরেন এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নীপা বইয়ের ভেতরের বিভিন্ন অধ্যায় ধরে বিশ্লেষণাত্মক আলোচনা করেন।
এছাড়াও বিশিষ্টজনদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আমানুল ইসলাম, শওকত আকবর, মঞ্জুর তালুকদার, রশীদ আবেদীন, সালমা বেগম, রুমানা আক্তার, ফারহিন শাহ, জালাল উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের আয়োজক প্রকাশনা প্রতিষ্ঠান ‘নালন্দা’-এর পক্ষে প্রকাশক রেদওয়ানুর রহমান জুয়েল উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কবি ও গল্পকার নাজনীন সীমনের পরিচালনায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, তথ্যভিত্তিক গবেষণামূলক এই গ্রন্থটি বিশ্বজুড়ে পাঠকদের মনে সত্য অনুসন্ধানের নতুন খোরাক জোগাবে এবং সমকালীন ইতিহাস ও রাজনীতির নানা জটিল প্রশ্ন অনুধাবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভা শেষে আগত সুধীজন ও পাঠকদের সৌজন্যে চা-নাস্তা আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension