যুক্তরাষ্ট্র

৩ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানাল ট্রাম্প প্রশাসন

তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই ভিসাগুলো বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, এ তথ্য প্রকাশের মধ্য দিয়ে আবারও অভিবাসনের বিরুদ্ধে মার্কিন সরকারের কঠোর অবস্থানের চিত্র সামনে এলো।

পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি মার্কিন ভিসা বাতিলের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত ১০ আগস্ট পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শুরু হওয়ার পর থেকে বাতিল করা ভিসার সংখ্যা ছিল ১ লাখ ৭৫ হাজারের বেশি।

ট্রাম্পের দাবি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে তার প্রশাসন অভিবাসনবিরোধী কঠোর নীতি ও অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চালু করেছে।

তবে মানবাধিকারকর্মীদের মতে, এই কঠোর ব্যবস্থার মাধ্যমে আইনি প্রক্রিয়া এবং বাকস্বাধীনতার অধিকার খর্ব করা হয়েছে। এতে নিরাপত্তাহীন পরিবেশের সৃষ্টি হয়েছে এবং বর্ণবৈষম্যের আশঙ্কা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাতিল হওয়া মোট ভিসার সংখ্যা প্রকাশ করে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন ইতিহাসের যেকোনো প্রশাসনের চেয়ে দ্রুতগতিতে সবচেয়ে বেশি ভিসা বাতিল করেছে।

তিনি বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত যেসব বিদেশিরা আইন ভঙ্গ করেন, জালিয়াতি করেন কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেন, তাদের বিষয়ে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ অবস্থান।

অধিকারকর্মীরা বিশেষভাবে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদের কারণে ফিলিস্তিনপন্থী বিদেশিদের ভিসা বাতিল এবং রাজনৈতিক বিশ্লেষক চার্লি কার্কের ওপর হত্যাচেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যের জেরে বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের নিন্দা জানিয়েছে।

পাশাপাশি, অভিবাসী ও ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর ট্রাম্প প্রশাসন কঠোর নজরদারিরও নিন্দা জানিয়েছেন তারা।

মানবাধিকারকর্মীদের অভিযোগ, সরকার সমালোচকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার অজুহাত দিচ্ছে এবং জালিয়াতির পৃথক কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে অভিবাসীদের চিহ্নিত করছে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিলেও, তার প্রশাসন বৈধ অভিবাসনকেও কঠিন করে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension