
জাঁকজমক আয়োজনে গোল্ডেন এইজ হোম কেয়ারের এক দশক পূর্তি উদযাপন
হুমায়ূন কবীর ঢালী ॥ নিউইয়র্ক
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে নিউইয়র্কের স্বনামধন্য হোম কেয়ার প্রতিষ্ঠান গোল্ডেন এইজ হোম কেয়ারের (Golden Age Home Care) সেবার ১০ বছর পূর্তি। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান ও সম্মাননা সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ইস্ট এলমহার্স্টে অবস্থিত লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলের অভিজাত বলরুমে।
অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, মার্কিন পুলিশ বিভাগের প্রতিনিধি, লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিনিধি, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীতের পর অনুপম ড্যান্স একাডেমির ক্ষুদে ও দক্ষ শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
১০ বছর পূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির প্রধান উপদেষ্টা ড. আবু জুবায়ের দারা, চেয়ারম্যান রানো নেওয়াজ, আহ্বায়ক অনিক রাজ এবং সদস্য সচিব লুসান মোস্তফা। বক্তারা গোল্ডেন এইজ হোম কেয়ারের এক দশকের সাফল্যময় পথচলা, সেবামূলক কার্যক্রম ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রতি প্রবাসী কমিউনিটির আস্থা, সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ তাঁর স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধে প্রতিষ্ঠানের এক দশকের অর্জন, দূরদর্শী পরিকল্পনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণের রূপরেখা তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদান ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
চেয়ারম্যান রানো নেওয়াজ তাঁর বক্তব্যে বলেন, সবার সহযোগিতা, আস্থা ও ভালোবাসার কারণেই গোল্ডেন এইজ হোম কেয়ার আজকের অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রতিষ্ঠানের ১০ বছরের সাফল্যময় যাত্রায় বিশেষ অবদান ও অংশীদারত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—VillageCareMAX, Anthem, ArchCare, Healthfirst, Elderplan ও ElderServe।
এ ছাড়া প্রতিষ্ঠানের দক্ষ, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ ও বিশেষ সম্মাননা পদক তুলে দেন প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এবং চেয়ারম্যান রানো নেওয়াজ।
সম্মাননাপ্রাপ্ত কর্মীরা হলেন—রাসেল ভূঁইয়া, নেহাল কবির, মোছাঃ রাওদিয়া সুলতানা, নাফিসা রায়হানা চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মোঃ ওসমান, জাহানারা আক্তার, মোঃ সাইদুর রহমান, মোঃ মাহাফুজুর রহমান, আহমেদ মেশা, আহসান হাবীব, নেওয়াজ শরীফ, সিরাজুস সালেহীন, মোঃ সোহেল হাওলাদার, মারিয়ান হাওয়েল, গ্ল্যাডিস কুইজপি, ইফাওমা ওকেকে, মাহবুবুর রহমান, নিকোডি বাতিস্তা, নওশাদ কামাল, বেলাল আহমেদ, নার্গিস রহমান, দাওয়া শেরিং ভুটিয়া ও মারিকা হাওয়েল।
সম্মাননা পর্ব শেষে স্থানীয় ও আমন্ত্রিত বিশিষ্ট সংগীতশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিল্পীদের জনপ্রিয় গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। পরে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে গোল্ডেন এইজ হোম কেয়ারের চেয়ারম্যান রানো নেওয়াজ উপস্থিত অতিথি, স্পন্সর, গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় গোল্ডেন এইজ হোম কেয়ারের এক দশক পূর্তি উদযাপন অনুষ্ঠান।
ছবি


















