
রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ বিএনপি এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণাকে হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা হাস্যকর। জগাখিচুডড়ি ঐক্যের কোনো ভবিষ্যত নেই। ১০ বছরে যারা ১০ মিনিট রাস্তায় দাঁড়াতে পারে না, এখন এক মাসে কি কাঁধে উঠবে?
সোমবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপ-কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘কাকে নিয়ে আন্দোলন করবেন? জনগণকে নিয়ে, জনগণ কেন আসবে? জনগণ আসার মত কোন অবজেক্টিভ কন্ডিশন বাংলাদেশের নেই।’
তিনি বলেন, ‘আন্দোলনের চিন্তা ভাবনা করতে পারেন। তার আগে আর আন্দোলনের কোনো ভবিষ্যত নেই। মরা গাঙ্গে জোয়ার আসে না। ১০ বছরে পারেন নাই, আর এক মাসে আন্দোলন। মওদুদ সাহেব তো অগাস্ট থেকে বলছে ১ মাসে চেহারা পরিবর্তন করে ফেলবেন! কি চেহারা পরিবর্তন করবেন? আগস্ট গেল এক মাস, সেপ্টেম্বর গেল এক মাস; এখন আবার অক্টোবর শেষ মাস।’
বিএনপির ক্ষমতার স্বপ্ন অধরা থেকে যাবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতার পরিবর্তন বলছেন তো, নির্বাচন ছাড়া এদেশে ক্ষমতার পরিবর্তন হবে না, ইনশাল্লাহ্। স্বপ্ন দেখতে পারেন, ক্ষমতা হারিয়েছেন। ময়ূর সিংহাসনের ওই স্বপ্ন আবারও দেখতে পারেন। অক্টোবর গেলে টের পাবেন রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে।’
ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘গুজব সন্ত্রাস চলাবেন, আর সরকার কি ঘরে বসে ডুগডুগি বাজাবে? গুজব সন্ত্রাস, অপপ্রচার এবং মিথ্যাচার রুখতেই ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছে সরকার। যারা ক্রাইম করবেন না তাদের কোন ভয় নেই। দুষ্টের শাসন এবং শিষ্টের পালন করতেই ডিজিটাল নিরাপত্তা আইন।’
ওবায়দুল কাদের বলেন, ‘এই আইনটা কেন করা হয়েছে? মনে আছে, গুজব সন্ত্রাস; লাইভ পোস্টিং এক মহিলা কালো কাপড়ে ঢাকা, সে আওয়ামী লীগ পার্টি অফিসে আছে, তাকে রেপ করা হচ্ছে! আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো! তো কি করতে হবে? পরে তো ধরা পড়েছে আর এক নায়িকা এসব নাটক সাজিয়েছে তারা (বিএনপি)।’
এ সময় গুজব সন্ত্রাস আন্দোলনের চেয়েও ভয়াবহ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গুজব রটানোর এই কাজটি করে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ অফিসে হামলা চালানোর পর এই পোস্টগুলো তারা করে যাচ্ছে। দেশ একটি সরকার আছে। তার পরেও কি সব এভাবেই চলতে থাকবে? যার ক্রাইম করছে না তাদের কোন ভয় নেই।’
আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর বেসরকারিকরণ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্প বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ও আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।



