
প্রধান খবরবাংলাদেশ
আজ শুভ বড়দিন
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসবের দিন ‘শুভ বড়দিন।’ যিশু খ্রিস্ট প্রেম ও মানবিকতার বাণীতে প্রভাবিত হয়ে সব মানুষকে আপন করার দিন। আনন্দ-উৎসবের পাশাপাশি তার শান্তির বাণী ছড়িয়ে দেওয়া বড়দিনের শিক্ষা। আজ থেকে দুই হাজারেরও বেশি বছর আগে ২৫ ডিসেম্বর জেরুজালেমের কাছে বেথলেহেমে মা মেরির গর্ভে জন্ম নেন যিশু খ্রিস্ট।
বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা আর আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বিকালে তার সরকারি বাসভবন গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, যারা এদেশের মাটিতে জন্মগ্রহণ করেছে এবং যারা এদেশের সন্তান তাদের সবারই স্বাধীনভাবে নিজস্ব ধর্ম পালন করার অধিকার রয়েছে।
দেশের ক্যাথলিক-প্রটেস্ট্যান্টদের সব গির্জা রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে মনোরমভাবে। সেগুলোতে সুন্দরভাবে বসানো হয়েছে ক্রিসসমাস ট্রি। রাজধানী ঢাকার পাঁচতারকা হোটেলগুলোও সেজেছে বর্ণিল সাজে। ঢাকা ছাড়াও দেশের নানা স্থানে আনন্দঘন আয়োজনের শুভ বড়দিন উদযাপন করা হচ্ছে। খ্রিষ্টান সম্প্রদায়ের ঘরে ঘরেও আছে উৎসবের নানা আয়োজন। দিনটি সরকারি ছুটির দিন। শুভ বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে দেশের খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
উৎসব মুখর নানা আয়োজন গতকাল
সোমবার সন্ধ্যা থেকেই মূলত সারাদেশে বড়দিনের উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ঢাকার খ্রিষ্টান অধ্যুষিত এলাকাগুলোতে সোমবার রাত থেকে ছিল কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সকাল ৭টা থেকে সারাদেশের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা শুরু হয়েছে। রমনা সেন্ট মেরিস ক্যাথেড্রাল, তেজগাঁও ক্যাথলিক গির্জা, মিরপুর ব্যাপ্টিস্ট চার্চসহ রাজধানীর বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনা হয় সকালে। ঢাকায় খ্রিষ্টায় যোগাযোগ কেন্দ্র থেকে জানা যায়, বিশেষ প্রার্থনা সভার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন শুরু হবে। কাকরাইলের সেইন্ট মেরিস ক্যাথেড্রালে রাতে প্রধান প্রার্থনা সভার আয়োজন হবে।
পাঁচ তারকা হোটেলের আয়োজন
ঢাকার পাঁচ তারকা হোটেলগুলো বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি আর রঙিন বাতি দিয়ে। হোটেলগুলোতে দিনভর থাকছে নানা অনুষ্ঠান। প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে শিশুদের জন্য খেলার প্রতিযোগিতা, ফ্যাশন শো ও জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। শিশুদের জন্য সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত থাকছে চিলড্রেন পার্টি। হোটেলের সামনের লবিতে বসানো হয়েছে ক্রিসমাস ট্রি। বাহারি আলোয় ঝলমল করছে ট্রি। একে ঘিরে আছে শত উপহার সামগ্রী। আছে চকোলেট হাউস। সাজানো হয়েছে ক্যাফে বাজার রেস্টুরেন্ট। আছে বিশেষ কেক ও কুকিজের ব্যবস্থা। স্পেশাল ও মুখরোচক খাবারের পাশাপাশি থাকছে সান্তাক্লজ, ফ্লেইকস, মিকি-মিনি, ম্যাজিক শো, পাপেট শো, মিনি চিড়িয়াখানা, লাইভ পিয়ানো মিউজিক ও কিডস পুল পার্টি।
হোটেল ইন্টারকন্টিনেন্টালও (সাবেক শেরাটন) সেজেছে নানা রঙের বর্ণিল আভায়। হোটেলটিতে বড়দিন উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে। আছে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা। সান্তাক্লজ, ফ্লেইকস, মিকি-মিনি, ম্যাজিক শো, পাপেট শো ইত্যাদি। সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে এসব আয়োজন।
হোটেল র্যাডিসনে ক্রিসমাস ট্রিকে ঘিরে আছে শত উপহার সামগ্রী। এ হোটেলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের জন্য রয়েছে নানা আয়োজন। রাজধানীর অন্যান্য পাঁচতারকা হোটেলগুলোতেও আছে জমকালো আয়োজন।



