
নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান ও বরণ করতে জাতীয় সংসদের ৩০ পদক্ষেপ
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান নিখুঁত করতে নানা ব্যবস্থা নিয়েছে জাতীয় সংসদ। নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান ও বরণ করতে ৩০টি পদক্ষেপ নিয়েছে জাতীয় সংসদ। কে বা কারা কী কী কাজ করবেন তাও নির্ধারণ করা হয়েছে।
শপথ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায়। সংসদ সচিবলয়ের আয়োজনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংসদ সচিবলয় সূত্রে জানা গেছে। সচিবালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করবেন। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহেমদ খান শপথ অনুষ্ঠানে পরিচালনা করবেন।
এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বুধবার জানিয়েছেন, নতুন এমপিদের বরণ করার জন্য সংসদ প্রস্তুত। এজন্য ৩০ ধরনের কাজ করছে সংসদ। কয়েক দিন আগে থেকেই কমিটির মাধ্যমে নতুনদের বরণের প্রস্তুতি চলছে।
জানা গেছে, শপথের জন্য নির্ধারিত কক্ষটি ফুল ও নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। সংসদের অতিরিক্ত সচিব বিষয়টি সমন্বয় করছেন। সংসদীয় দলের দলীয় প্রধানদের ড্রাইভওয়ের লিফট গেটে অভ্যর্থনা জানাবেন একদল ব্যক্তি।
পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।
শপথ নেওয়ার পর সদস্যদের ফুল উপহার দেওয়া হবে। এজন্য সংসদ সচিবের কার্যালয়ের সামনের কনফারেন্স রুমে সংসদ সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাদের চা পরিবেশন করা হবে। সংসদের অতিরিক্ত সচিব এটিও সমন্বয় করবেন।
শপথ গ্রহণের পর সংসদীয় দলের দলীয় প্রধানদের সিনিয়র সচিবের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে রাখা বইয়ে সংসদ সদস্যদের সাক্ষর নেওয়া হবে।
এরপর সিনিয়র সচিবের কক্ষে সংসদ সদস্যদের ভ্রমণের রুট ফরম পূরণ ও ভাতাদি গ্রহণের নমুনা গ্রহণ করা হবে।
এছাড়াও এমপিদের আইডি কার্ড দেওয়ার জন্য ছবি তোলা হবে। সংসদ সদস্যদের ডিপ্লোমেটিক পাসর্পোটের প্রয়োজনীয় কাগজপত্র পুরণের জন্য দেওয়া হবে। সংসদ সদস্যদের মাঝে সংবিধানের কপি বিতরণ করা হবে। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের জন্য সংসদে ক্যাফেটারিয়ায় আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মস অধিশাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়াবেন।



