প্রধান খবরবাংলাদেশবিনোদন

শুরু হল সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রূপসী বাংলা ঢাকা বিনোদন ডেস্ক: ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এই স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হল ‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯।’ রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট এ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে ৭২টি দেশের দুইশ’ ১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

নয় দিনব্যাপী এ উৎসবের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, আঁলিয়স ফ্রঁসেজ এবং যমুনা ব্লকবাস্টার সিনেমা। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য সচিব আবদুল মালেক।


গতকাল সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯ শুরুর প্রাক্বালে সাংবাদিক সন্মেলনে আয়োজকরা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে তুরস্কের নির্মাতা আন্দাজ হাজানেদারগলু পরিচালিত চলচ্চিত্র ‘দ্য গেস্ট’। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে যৌথভাবে তুরস্ক ও জর্ডান। ঢাকা ক্লাবে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল ও কার্যনির্বাহী সদস্য ম. হামিদ, উৎসব প্রোগ্রামার জোহরে জামালি ও ইয়াসিম গুজেলপিনার এবং উৎসবের জুরি সদস্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।


সংবাদ সম্মেলনে আহমেদ মুজতবা জামাল লিখিতভাবে উৎসব সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরেন। তিনি বলেন, উৎসবে ২১৮টি মধ্যে পূর্ণদৈর্ঘ্য (৭০ মিনিটের বেশি) চলচ্চিত্রের সংখ্যা ১২২টি। স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ৯৬টি।


জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সকাল ১০টা থেকে চলবে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী। এ ক্ষেত্রে শিশুদের সঙ্গে অভিভাবকরাও বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবে। এছাড়া সকাল ১০টা, বেলা ১টা ও বিকেল ৩টায় প্রদর্শনী শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবে, সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এর বাইরে সাধারণ দর্শনার্থীদের জন্য টিকেটের মূল্য ৫০ টাকা। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, আঁলিয়স ফ্রঁসেজ ও শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension