
“একটা সময় ধনেপাতা বিক্রি করতে হয়েছিল”
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ব্লিঙ্ক অ্যান্ড মিস অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে বলিউডের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন হয়ে ওঠা৷ নওয়াজউদ্দিন সিদ্দিকির এই পথচলায় অনেক চড়াই-উতরাই পেরতে হয়েছে৷ তবুও মুখ বুজে সবটা শিক্ষার মতো নিয়ে এগিয়ে গিয়েছেন৷
ভালো স্ক্রিপ্টের খিদে মেটানোর জন্য দাঁত কামড়ে পড়েছিলেন ইন্ডাস্ট্রিতে৷ কোনও কমপ্রোমাইজ নয়, নিজের অভিনয় ক্ষমতার জোরে একের পর এক বড় প্রোজেক্টে কাজ করার সুযোগ পেয়েছেন নওয়াজ৷
বাল ঠাকরের বায়োপিক ‘ঠাকরে’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন৷ এই ছবির প্রচার নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা৷ সম্প্রতি কপিল শর্মার শোতে এসে নিজের জীবনের বেশ কয়েকটি ইন্টারেস্টিং ঘটনা জানালেন অভিনেতা৷
ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করার সময় তাঁকে ধনেপাতা পর্যন্ত বিক্রি করতে হয়েছিল৷ ১০০ টাকার ধনেপাতা কিনে দ্বিগুণ দামে বিক্রি করার চেষ্টা করতেন নওয়াজ৷ দুর্ভাগ্যবশত তাঁর ধনেপাতাগুলি বিক্রির আগেই পচে যেত৷
তারপরই তিনি শিখলেন কীভাবে জল ছিটিয়ে ধনেপাতাকে দীর্ঘক্ষণ টাটকা রাখা যায়৷ তবে তখন এতটাই দেরি হয়ে যায় যে তাঁর আছে ধনেপাতা কেনার একটা টাকাও আর ছিল না৷
এই বিক্রি করার পন্থা ছিল নিজের পেট চালানোর উপায়৷ স্ট্রাগলিংয়ের দিনে এইভাবেই নানা রকম কাজ করে করে পেট চালানোর চেষ্টা করতেন নওয়াজ৷ ১৯৯৯ সালে আমির খান অভিনীত ‘সরফরোশ’ ছবির হাত ধরেই বি-টাউনে পদার্পন করেন নওয়াজউদ্দিন৷



