প্রধান খবরবাংলাদেশ

শপথে আপত্তি নেই স্বতন্ত্র প্যানেলের

রূপসী বাংলা নিউজ ডেস্ক: হল সংসদ নির্বাচনে রোকেয়া হল বাদে অন্য হলগুলোতে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে শপথ নিতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন চারটি হল সংসদে স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ীরা।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জার্নালকে তারা এ কথা জানান।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের মধ্যে চারটি হলেই স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি-জিএসসহ অন্য পদগুলোতে বিজয়ী হয়েছেন প্রার্থীরা। হলগুলো হলো-শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হল।

বিজয়ী প্রার্থীরা জানান, রোকেয়া হল ছাড়া অন্য হলগুলোতে ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়া তাদের সামনেই হয়েছে। এ জন্য এসব হলে বিভিন্ন পদে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়, চাই সে স্বতন্ত্র বা ছাত্রলীগ হোক, নির্বাচিত হয়েছে। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে আগের রাতে ব্যালট বক্স ভর্তি হলেও পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে জানান তারা। তবে, রোকেয়া হলে ব্যালট বক্স আলাদা কক্ষে রাখা নিয়ে সৃষ্ট ঝামেলার পরে ভোটগ্রহণ প্রক্রিয়া অস্বচ্ছ হয়েছে বলে তাদের অভিযোগ। এজন্য এ হলের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে করা আন্দোলন সমর্থন করেন তারা।

অন্যদিকে, ছেলেদের হলের নির্বাচনে অনিয়মের বিষয়ে তাদের সুস্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শামসুন নাহার হল সংসদের নবনির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ বাংলাদেশ জার্নালকে বলেন, আমি ও স্বতন্ত্র প্যানেল থেকে হল সংসদে নির্বাচন করে বিজয়ী হওয়া জিএস প্রভোস্টের কাছে শপথের বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে বলেছেন, সব ফর্মালিটিজ শেষ হলে শপথের বিষয়ে আমাদের জানাবেন। আমাদেরও শপথ নিতে কোনো আপত্তি নেই।

সুফিয়া কামাল হল সংসদের নবনির্বাচিত জিএস মনিরা শারমিন বাংলাদেশ জার্নালকে বলেন, যেহেতু আমাদের হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাই শপথ নিতে আমার কোনো আপত্তি নেই।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক তাসনিম হালিম মিম বাংলাদেশ জার্নালকে বলেন, শপথ নিতে আমার কোনো আপত্তি নেই। তবে, যারা ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলন করছে, তারাও আমাদের ভাই-বোন। যদি পুনরায় নির্বাচন হয়, তবে শপথ নিলেও আমি পদ ছাড়তে রাজি আছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension