
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
রূপসী বাংলা নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এদিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কোলকাতা হয়ে ঢাকার তৎকালীন কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণী প্রদান করেছেন। আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
এর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান। পরবর্তীতে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। প্রত্যাবর্তনের দিন শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত প্রায় ১৫ লাখ মানুষের হৃদয় ছোঁয়া ভালবাসার জবাবে তিনি বলেন, বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার লক্ষ্যে তিনি দেশে এসেছেন। শেখ হাসিনা বলেন, আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসাবে, মেয়ে হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। চট্টগ্রামেও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মহানগর আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আজ সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আজ সকাল ১০টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। সভায় সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।
উত্তর জেলা আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আজ বিকেল ৪ টায় সংগঠনের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম অনুরোধ জানিয়েছেন।



