প্রধান খবরবাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে র‌্যাব ডিজির হুঁশিয়ারি

রূপসী বাংলা নিউজ ডেস্ক: ভারতের কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরে কেউ জল ঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন হুঁশিয়ারি দেন।

কাশ্মীরকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে উগ্রবাদে বিশ্বাসীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে বেনজীর বলেন, ‘কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের দেশে আল্ট্রা ইসলামিস্টের সংখ্যাটা খুব বেশি না। যারা রয়েছে তারাও ২৪ ঘণ্টা আমাদের নজরদারিতে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে বিষয়টা আমাদের সঙ্গে কোনো সংশ্লিষ্ট নয়, যেটি আমার দেশের বিষয় নয়, সে বিষয় নিয়ে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের দেশের জল ঘোলা করার কোনো কারণ দেখি না। কেউ জল ঘোলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

গত সোমবার ভারতের সংবিধানে ৩৭০ ধারা বলে জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়। পাশাপাশি রাজ্যটিকে ভেঙে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হয়। এই ঘোষণায় ভারতের পাশাপাশি প্রতিবেশি দেশ পাকিস্তানেও উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে পাকিস্তান ভারতের সাথে কূটনীতিক যোগাযোগ ছিন্ন করেছে। স্থগিত করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য, রেল ও বিমান যোগাযোগ।

সম্প্রতি র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক (সিও) হাসিনুর রহমানকে ডিবি পরিচয়ে পল্লবীর বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করেছে পরিবার। পরিবারের পক্ষ থেকে এ অভিযোগে গত বুধবার রাত ১টায় পল্লবী থানায় জিডি করা হয়েছে। হাসিনুর এক সময় র‌্যাব-৫ ও র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তিনি বিজিবিতেও বেশকিছু দিন দায়িত্ব পালন করেছিলেন।

হাসিনুরকে খুঁজে বের করার বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, ‘অনেক মানুষকেই তো খুঁজে পাওয়া যায় না। খুঁজে না পাওয়াটা শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্র, বৃটেন, ইউরোপেও মানুষ নিখোঁজ হয়। একজনকে খুঁজে না পাওয়াটা কোনো বাহিনীর ব্যর্থতা নয়। আমাদের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা জ্ঞাত আছি। এ বিষয়ে কাজ করছি। যদি কারো কাছে কোনো তথ্য থাকে তাহলে জানালে আমরা ব্যবস্থা নিবো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension