
শহীদ নূর হোসেনের প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
রূপসী বাংলা নিউজ ডেস্ক: স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক শহীদ নূর হোসেনকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন।
রোববার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্ট) সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদ নূর হোসেনকে স্মরণ এবং তার প্রতি শ্রদ্ধা জানান। এদিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ শ্রদ্ধা নিবেদন চলে।
সকাল সাড়ে ৯ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে নেতৃত্বে নুর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় নূর হোসেনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন রক্ত দিয়েছিলেন দেশে সেই গণতন্ত্র বর্তমানে অব্যাহত রয়েছে।
ঝূর্ণিঝড় বুলবুল মোকাবিলার প্রস্তুতি নিয়ে কাদের বলেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকার ও আওয়ামী লীগ প্রস্তুত আছে। সরকারের পাশাপাশি দলের নেতাকর্মীরা কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদ নুর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ অনেকে উপস্থিত ছিলেন।



