
বাংলাদেশ-জাতিসংঘের সমঝোতা স্মারক সই
রূপসী বাংলা ডেস্ক:মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইউএনএইচসিআর সদরদপ্তরে এই সমঝোতা স্মারক সই করা হয়।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডি এই সমঝোতা স্মারকে সই করেন।
ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আট মাস ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা শরণার্থীরা যাতে স্বেচ্ছায়, নিরাপদে এবং সম্মানের সঙ্গে নিজেদের দেশে ফিরে যেতে পারে এবং এই প্রত্যাবাসন যাতে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে হয়, তা নিশ্চিত করতে একটি ‘ফ্রেমওয়ার্ক’তৈরি করা হয়েছে। তাতে সম্মতি জানিয়েই সই হয়েছে সমঝোতা স্মারক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ, মিয়ানমার ও ইউএনএইচসিআরের মধ্যে এ বিষয়ে কোনো ত্রিপক্ষীয় চুক্তি না থাকায় জাতিসংঘের এই সংস্থা দুই দেশের সঙ্গেই আলাদাভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা চালিয়ে আসছে, যাতে প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম অনুসরণের বিষয়টি নিশ্চিত করা যায়।
রোহিঙ্গা প্রত্যাবাসনে শুরু থেকেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরকে যুক্ত হতে চাইলেও মিয়ানমার তাদের প্রত্যাখান করে আসছিল।
মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গাদের ফেরাতে ইন্টারন্যাশনাল রেডক্রসের সাহায্য নেবে তবুও জাতিসংঘের সাহায্য নেবে না দেশটি। প্রয়োজন হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ব্যয় তারাই বহন করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর বলেছে, মিয়ানমারে এখনও শরণার্থীদের নিরাপদে ও সম্মানের সঙ্গে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি হয়নি। মিয়ানমার সরকারকে সেই পরিবেশ তৈরির জন্য অবকাঠামোগত প্রস্তুতির বাইরে আরও কাজ করতে হবে।
মিয়ানমারের সমাজকল্যাণ এবং ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আয়ে সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করে তিনি বলেন, ‘সব প্রতিবন্ধকতা কাটিয়ে যত দ্রুত সম্ভব আমরা তাদের ফিরিয়ে নেব। আমরা আশা করছি প্রত্যাবাসন খুবই দ্রুতই হবে। আমি মনে করি আমরা এ সংকট কাটিয়ে উঠতে পারব। আমি আশস্ত করছি, রোহিঙ্গাদের ফিরিয়ে নেব।’
তবে বাংলাদেশে আশ্রয় শিবিরে থাকা সবাই রোহিঙ্গা কি না সে বিষয়ে সংশয়ের কথাও জানান মিয়ানমারের মন্ত্রী। বলেন, প্রমাণ দেখিয়েই তারা দেশে ফিরতে পারবে।
মিয়াত আয়ে বলেন, ‘মিয়ানমারের আইন অনুযায়ী যত তাড়াতাড়ি তারা ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড নেবে, তত দ্রুত তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। আইন অনুযায়ী তাদের জাতীয় যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, যাতে তারপরে তারা নাগরিকত্ব পেতে পারে।’
‘তবে আইন অনুযায়ী নিবন্ধন করতে তাদের প্রমাণ দেখিয়ে নাগরিকত্ব নিতে হবে।’
ইউএনএইচসিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কফি আনান কমিশন রাখাইন সংকটের মূলে যেসব কারণের কথা বলেছে, সেগুলো মেটাতে মিয়ানমার সরকারকে বাস্তব পদক্ষেপ নিতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউএনডিপির সঙ্গে মিলে ইউএনএইচসিআর মিয়ানমার সরকারের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে। ওই চুক্তির উদ্দেশ্য হল রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরার মত অনুকূল পরিবেশ তৈরি করা এবং রাখাইনের সবার জন্য মানবিক ও উন্নয়ন সহযোগিতা দেওয়া।
চার মাস আগে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সম্মতিপত্র সই হলেও এরপর তার অগ্রগতি নেই। এই প্রক্রিয়ায় দেরি দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলি আলাপে মিয়ানমারের সঙ্গে চুক্তি বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন।
গত ১৬ ফেব্রুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রথমবারের মতো মিয়ানমারের কাছে আট হাজার ৩২ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ। এই তালিকা মিয়ানমার কর্তৃপক্ষ যাচাইয়ের পরই প্রত্যাবাসন শুরু হবে। তবে সেই তারিখ জানার অপেক্ষায় বাংলাদেশ।
গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পর সেনা অভিযানের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। এদেরকে ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে ফিজিক্যাল অ্যারাঞ্জমেন্ট চু্ক্তি হয়েছে জানুয়ারিতে।



