বিএনপি প্রার্থী সালাহউদ্দিন নিজেই ভোট দিতে পারবেন না
ঢাকা-৫ আসনের উপনির্বাচন। এই আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। প্রার্থী হলেও ভোট দিতে পারবেন না তিনি। কারণ, এই আসনেরই ভোটার নন সালাহউদ্দিন। ঢাকা-৪ সংসদীয় আসনের ভোটার তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, গেল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন সালাহউদ্দিন আহমেদ। ওই সময় তিনি ঢাকা-৫ থেকে নিজের ভোট স্থানান্তর করে নেন ঢাকা-৪ আসনে।
এবার নির্বাচনের আগে ঢাকা-৪ থেকে নিজের ভোট আবার ঢাকা-৫ আসনে স্থানান্তর করতে নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে নির্বাচনের আগে তার ভোট স্থানান্তর সম্ভব নয় বলে জানিয়ে দেয় কমিশন।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি নবী উল্লাহ নবী।
কিন্তু এবার উপনির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয় নি। এর আগে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ঢাকা-৫ থেকে নির্বাচন করেছিলেন সালাহউদ্দিন আহমেদ।
ঢাকা-৫ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মনিরুল ইসলাম মনু।❐



