
১৬ ডিসেম্বর ১৯৭১, মহান বিজয় দিবস
জাহান আরা দোলন: আজ ১৬ ডিসেম্বর। বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গর্বের দিন। অর্জনের দিন। বিজয়ের দিন। সেদিন, আক্রমণ বিরতি ছিল ১৫ ডিসেম্বর বিকাল ৫টা থেকে ১৬ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত। সকাল ৮টার দিকে মেজর জেনারেল রাও ফরমান আলী জাতিসংঘের প্রতিনিধির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী প্রধানের কাছে আত্মসমর্পনের মেয়াদ আরও ছয় ঘন্টা বাড়ানোর অনুরোধ করেন।
মেজর জেনারেল নাগরার বাহিনী কাদের সিদ্দিকী বাহিনীকে সঙ্গে করে মিরপুর ব্রীজে হাজির হন এবং সেখান থেকে ভারত ও বাংলাদেশের দুই কর্মকর্তা একটি গাড়িতে সাদা পতাকা উত্তোলন করে ভারতীয় ডিভিশনাল কমান্ডার জেনারেল গন্ধর্ব সিং নাগরার একটি চিঠি নিয়ে আমীর আবদুল্লাহ খান নিয়াজির হেড কোয়ার্টারে যান। তারা বার্তাটি পড়ে শোনান, ‘প্রিয় আবদুল্লাহ, আমি এখন মিরপুর ব্রিজে। আপনার প্রতিনিধি পাঠান।’
সকাল আটটা নাগাদ ঢাকার মিরপুর ব্রিজের কাছে মেজর জেনারেল নাগরাকে বহনকারী একটি সামরিক জিপ এসে থামে। ভারতীয় জেনারেল হাতে গোনা সৈন্য এবং অনেক গর্ব নিয়ে ঢাকায় প্রবেশ করলেন। তখনই কার্যত ঢাকার পতন হয়ে গেলো।
সকাল ১০টা ৪০ মিনিটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে নাগরার বাহিনী ঢাকা শহরে প্রবেশ করে। দুপুর ১টার দিকে জেনারেল জ্যাকব ঢাকা পৌঁছেন। বিকেল চারটার আগেই বাংলাদেশ নিয়মিত বাহিনীর দুটি ইউনিট সহ মোট চার ব্যাটালিয়ান সৈন্য ঢাকা প্রবেশ করে। সঙ্গে কয়েক সহস্র মুক্তিযোদ্ধা। ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান ও ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের অধিনায়ক লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরা, বাংলাদেশের ডেপুটি চীফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খোন্দকার এবং অন্যান্য ভারতীয় বাহিনীর প্রতিনিধিরা বিকাল চারটার দিকে ঢাকা পৌঁছেন।
পরে বিকালে, আত্মসমর্পণের দলিল তৈরি করতে জেনারেলের হেড কোয়ার্টারে এক বৈঠক হয়। নিয়াজি, রাও ফরমান আলী এবং জামশেদ পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করেন, অন্যদিকে জ্যাকব, নাগরা এবং কাদের সিদ্দিকী প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের পক্ষে। সিদ্ধান্ত নেওয়া হয় জেনারেল অরোরা বিজয়ের পক্ষে দলিলে স্বাক্ষর করবেন, আর পরাজিতদের স্বাক্ষর করবেন জেনারেল নিয়াজি।
আত্মসমর্পণ নিয়ে আলোচনায় সাব্যস্ত হয়, ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হলেও নিয়াজি ও তার বাহিনী তখনই অস্ত্র সমর্পণ করবে না। জেনারেল জ্যাকব ১৮ ডিসেম্বর পর্যন্ত তাদের অস্ত্র রাখার অনুমতি দেন। ফলে পাকিস্তানি বাহিনী যুদ্ধবন্দী হলেও ঢাকা সেনানিবাসে তাদের অবস্থান ছিল সশস্ত্র। এ এক অদ্ভুত পরিস্থিতি।
বিকেল ৪টা ৩১/ ৪টা ৪৫ মিনিটের দিকে জেনারেল নিয়াজি রেসকোর্সে পৌঁছেন। চূড়ান্তভাবে উভয় পক্ষের সেনারা তাকে গার্ড অব অনার দেয়। বিকেল পাঁচটার দিকে, জেনারেল অরোরা এবং জেনারেল নিয়াজি রেসকোর্স মাঠের টেবিলটাতে বসেন। অরোরা টেবিলের ডান দিকে এবং নিয়াজি বাঁ দিকটাতে বসেন। আত্মসমর্পণের দলিল প্রস্তুত। অরোরা সেটা নিয়াজির হাতে তুলে দেন। বিকেল ৫টা ১ মিনিটে নিয়াজি দলিলে স্বাক্ষর করেন। এরপর জেনারেল নিয়াজি তাঁর রিভলবারটি জেনারেল অরোরার হাতে তুলে দেন।
নিয়াজির নেতৃত্বে আত্মসমর্পণ করে ৯১ হাজার ৫৪৯ পাক হানাদার বাহিনী। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুক্ত হয়, স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র।
দীর্ঘ নয় মাসের দুঃস্বপ্নের পর, বাংলাদেশের মানুষেরা একটি স্বাধীন দেশের নাগরিক হলেন, এইভাবে তারা তাদের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রকের ক্ষমতা অর্জন করল।❐



