
১৭ ডিসেম্বর ১৯৭১, বাংলাদেশ
জাহান আরা দোলন: আজ ১৭ ডিসেম্বর। বিজয়ের মাস ডিসেম্বর। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, এখন সময় এসেছে যুদ্ধোত্তর পুনর্গঠন সরকার হিসেবে কাজ করার। …বাংলাদেশ সরকার নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু করেছে এবং আগামী বছরের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
বাংলাদেশের বিজয়কে ওই সময়ের দেশি-বিদেশি বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নভাবে তুলে ধরে। তবে অনেক পত্রিকা মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে আখ্যায়িত করে। কোনও কোনও পত্রিকা দেখানোর চেষ্টা করেছে— এটি ছিল মূলত পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়। কিন্তু অকুতোভয় বাঙালিদের আত্মত্যাগের বিনিময়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে বিজয় নিশ্চিত হয়েছে। বাঙালির বিরুদ্ধে নানান কূটনৈতিক তৎপরতা এ বিজয় রুখতে পারে নি।
আগের দিন ১৬ই ডিসেম্বর বাংলাদেশে কোনও পত্রিকা প্রকাশিত হয় নি। পরদিন ১৭ ডিসেম্বর দৈনিক ইত্তেফাক প্রকাশিত হয়। প্রধান শিরোনামে পত্রিকাটি লেখে ‘দখলদার পাক-বাহিনীর আত্মসমর্পণ, সোনার বাংলা মুক্ত’। সংবাদের ভূমিকায় লিখেছিল- ‘স্টাফ রিপোর্টার: সাবাস মুক্তিযোদ্ধা! বিগত ২৫শে মার্চের বিভীষিকাময় রাত্রির অবসান ঘটিয়াছে। দখলদার পাক-বাহিনী গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় অপরাহ্ন ৫.১ মিনিটের সময় বিনাশর্তে আত্মসমর্পণ করিয়াছে; জন্ম লইয়াছে বিশ্বের কনিষ্ঠতম ও অষ্টম বৃহত্তম স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলা দেশ।’
ভারতের ইংরেজি দৈনিক দ্য লিবারেশন টাইমস তাদের প্রধান সংবাদে লেখে ‘পাকিস্তান বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে।’
দ্য ট্রিবিউন তাদের ব্যানার লিড করে, ‘বাংলাদেশ ফ্রিড’ অর্থাৎ বাংলাদেশ শত্রুমুক্ত। সাব হেডে তারা বলে, ‘পাকিস্তানি আর্মির নিঃশর্ত আত্মসমর্পণ।’
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ ‘ঢাকা ক্যাপচারর্ড: গানস কুইট ইন বেঙ্গলি এরিয়া, বাট ওয়ার গোজ অন অ্যাট ওয়েস্টার্ন ফ্রন্ট’ অর্থাৎ ‘ঢাকা দখল: বাংলাদেশে অস্ত্র সমর্পণ করলেও পশ্চিমাঞ্চলে যুদ্ধ চলছে।’
এদিকে ১৭ ডিসেম্বর দুপুর আড়াইটায় পশ্চিম রণাঙ্গণেও যুদ্ধ-বিরতি ঘটে। যুদ্ধবিরতির জন্য ভারতের এক তরফা প্রস্তাব গ্রহণ করার ঘোষণা করেন পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। দু সপ্তাহ দু ঘন্টা স্থায়ী যুদ্ধে ভারত ধ্বংস করেছে পাকিস্তানের ৯৪টি যুদ্ধবিমান, ২১৪ টি ট্যাংক এবং ২২টি নৌযান।
যুক্তরাষ্ট্রের দৈনিক ‘দ্য ম্যানহ্যাটন মারকিউরি’ তাদের ১৬ ডিসেম্বর সংখ্যায় লিড স্টোরি করে ‘বাংলাদেশ ইজ বর্ন’ অর্থাৎ বাংলাদেশের জন্ম।
যুক্তরাষ্ট্রের আরেক পত্রিকা ‘দ্য পোস্ট ক্রিসেন্ট’ তাদের মূল নিউজটি করে বাংলাদেশের জন্ম নিয়ে। সেখানে তাদের মূল শিরোনাম ছিল ‘পূর্ব পাকিস্তানে যুদ্ধ শেষ।’
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্য থেকে প্রকাশিত ‘ভিনসেন্স সান-কমার্শিয়াল’ জানায়, পাকিস্তান পূর্বাঞ্চলের সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছে।
দেশটির ‘লস অ্যাঞ্জেলস টাইম’ তাদের প্রধান শিরোনাম করে, ‘নয়া দিল্লি পাকিস্তান যুদ্ধে জয়ী।’ একইদিনের আরেক সংবাদে তারা বলে, ‘পাকিস্তানি জেনারেল সিং পূর্বাঞ্চলের সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছে।’
প্রায় এক ডজন অভিজ্ঞ প্রশাসক নিয়ে ঢাকায় একটি ছোটখাট বেসরকারি প্রশাসন দাঁড় করানো হয়। এর নেতৃত্ব দেন ‘আগরতলা ষড়যন্ত্র মামলার’ অন্যতম অভিযুক্ত রুহুল কুদ্দুস।
‘নিরপেক্ষ এলাকা’ হিসেবে ঘোষিত হোটেল ইন্টার কন্টিনেন্টালে আশ্রয় গ্রহণকারী সাবেক গভর্নর ডা. এ. এম. মালিককে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানায় গেরিলারা। ভারতীয় বাহিনী গেরিলাদের বিরত করলেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে।
রাতে পিকিংয়ের ভোজসভায় চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ভারতীয় ‘আগ্রাসন’ সমর্থন করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন। প্রতিবাদে রুশ রাষ্ট্রদূত ভোজসভা ত্যাগ করেন।
মিরপুরের বধ্যভূমিতে খুঁজে পাওয়া নিহত স্বজনের শতাধিক লাশ বিজয় আনন্দে উদ্বেল দেশবাসীর মনে বিষাদের ছায়া ফেলে। এই সব শহীদের কাতারে রয়েছেন বাংলার শ্রেষ্ঠ মনীষীরা।❐



