
ঢাকায় স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বাংলাদেশের রাজধানী ঢাকায় পূর্ব-নাখালপাড়ায় স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী রনি মিয়াকে (৩০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর ২টার সময় নাখালপাড়ার একটি বাসা থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, নিহত দুই বোনের নাম- ইয়াসমিন (৩০) ও শিমু (১৬)। তারা দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বড় বোন ইয়াসমিনের স্বামী পেশায় একজন রিকশাচালক।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন জানান, আটক রনিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলোর সুরতহাল শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রনি তার স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে খুন করেছে। তবে কী কারণে তাদের কুপিয়ে হত্যা করেছে তা এখনও জানা যায় নি।
ঘটনার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল বলেন, ‘নিহত দুই বোন গার্মেন্টস কর্মী। পারিবারিক কলহের কারণে তাদের এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইয়াসমিনের স্বামীকে আটক করা হয়েছে। ইয়াসমিনের স্বামী একজন রিকশাচালক।’❐



