বাংলাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের ৬৯ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারছে না। আর্থিক সক্ষমতার অভাবসহ নানা কারণে এমন অবস্থা চলছে বলে জানিয়েছে শিক্ষা নিয়ে কাজ করা গবেষণা সংস্থা গণস্বাক্ষরতা অভিযান।
একই সঙ্গে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফেব্রুয়ারি মাস থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শও দিয়েছে সংস্থাটি।
করোনার কারণে ১০ মাসের বেশী সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় পড়াশোনার ক্ষতি কিছুটা কাটাতে সংসদ টিভিতে ক্লাস লেকচার প্রচার করে মন্ত্রণালয়। পাশাপাশি অনলাইনেও একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে অনেক প্রতিষ্ঠান।
কিন্তু তারপরও মাত্র ৩১ শতাংশ শিক্ষার্থী এই দূরশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত আছে। বাকিরা শিক্ষা কার্যক্রমের বাইরে আছেন। বিশেষ করে হাওর, পার্বত্য, চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে থাকতে পারছেন না। পাশাপাশি গণস্বাক্ষরতা অভিযানের পরামর্শ, যে সব এলাকায় করোনা সংক্রমনের হার কম সেখানে ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে স্কুল খুলে দেয়া হোক।
এদিকে মন্ত্রণালয় জানায়, অনেক শিক্ষার্থী দূরশিক্ষণের বাইরে থাকলেও জরিপের তথ্য অনুযায়ী তা বেশি সংখ্যক নয়। শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখতে তারা নানা উদ্যোগ নিচ্ছে।
গণস্বাক্ষরতা অভিযানের মাধ্যমে জানা যায়, ৭৫ ভাগ শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।
তবে মন্ত্রণালয় জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই স্কুল খোলা হবে, সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।❐



