দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র আবারো ফিরিয়ে আনা হবে।এই অবস্থা থেকে বিএনপি শিগগিরই ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অনেক। তিনি জাতিকে স্বাধীনতায় অনুপ্রাণিত করেছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, জাতির এক ক্রান্তিকালে জিয়াউর রহমান ঐতিহাসিক যুগান্তকারী দায়িত্ব পালন করেন। তিনি হন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতা-উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত, ঠিক সেই সংকটের একপর্যায়ে জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন।
সকালে জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে তারা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
এর আগে ভোরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শন এবং বিএনপি, ড্যাবসহ চিকিৎসকদের সংগঠন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প হয়।
আগামীকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে ড্যাব-ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। সারা দেশে বিভিন্ন পর্যায়ের ইউনিটসমূহ নিজেদের সুবিধানুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ২০ জানুয়ারি বুধবার দুপুর ২টায় শহীদ জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।❐



