
বহু অভিযোগ নুসরাতের বিরুদ্ধে
নুসরাত জাহান তানিয়া কুমিল্লা শহরে অনেকের কাছেই পরিচিত। কলেজজীবন থেকে তাকে জড়িয়ে নানা রটনা। ব্যাংকে চাকরির আড়ালে নুসরাত কুমিল্লা এবং ঢাকায় উচ্চবিত্ত পরিবারের তরুণ-যুবকদের ব্ল্যাকমেইল করতেন।
গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নুসরাতের ফাঁদে পড়েছিলেন এমন একজন কুমিল্লার দাউদকান্দি উপজেলার তরুণ।
২০১৮ সালে এইচএসসি পাস করে সবে ভর্তি হয়েছিলেন কমিল্লা ভিক্টোরিয়া কলেজে। দ্বিতীয় বর্ষে পড়াকালে এক সহপাঠীর পাল্লায় পড়ে নুসরাতের বাসায় যান ওই তরুণ। সেখানে ৫ হাজার টাকা খরচ করে ফুর্তি করেন। কিন্তু ওই তরুণ ভাবেন নি, এক রাতের ঘটনায় ভয়ংকর ফাঁদে পড়তে হবে তাকে। ওইদিনের পর নুসরাতের স্বামীই ফোন করেন তরুণটিকে। ডেকে এনে গোপনে ধারণকৃত সেদিনের কিছু ভিডিওচিত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওচিত্র ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে নিরুপায় হয়ে ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলেন তরুণ। উচ্চ-মধ্যবিত্ত পরিবারের ওই তরুণ শুধু নয়, নুসরাত সিন্ডিকেটের ফাঁদে পড়ে এমন অনেক তরুণ এবং যুবককে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে বলে অভিযোগ উঠছে।
নুসরাতের বিরুদ্ধে আরও অভিযোগ, স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের নানা কায়দায় প্রলোভন দেখিয়ে বিপথগামী করছে এই নুসরাত ও তার স্বামী মিজানুর রহমান। নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিশোরী মেয়েদের টাকা উপার্জনের কথা বলে কুমিল্লা এবং ঢাকার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে রাখতেন নুসরাত। নিজের ছোট বোন সম্প্রতি গুলশানে মারা যাওয়া মোসারাত জাহান মুনিয়াকেও রেহাই দেন নি বড় বোন নুসরাত। মোটা অঙ্কের টাকা পেয়ে হুইপপুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের জিম্মায় ছেড়ে দেন মুনিয়াকে। বিনিময়ে শারুনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন নুসরাত। মুনিয়াকে নিয়েই ফন্দি আঁটেন শারুন চৌধুরী ও নুসরাত। ফলে আত্মহত্যার পথই বেছে নিয়েছিলেন মুনিয়া। পুলিশের অনুসন্ধান বলছে, শারুন চৌধুরী এবং নুসরাত কৌশলে মুনিয়াকে নিজেদের হাতিয়ার বানিয়েছিলেন।



