
শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছে ১০ দলীয় জোট
শ্রীলংকার বর্তমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে জোর সমর্থন জানিয়েছেন সামাগি জনা বালাভেগায়া (এসজেবি), শ্রীলংকা ফ্রিডম পার্টিসহ (এসএলএফপি) ১০ দলীয় জোট।
এসজেবির সংসদীয় দল সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী রনিলের নেতৃত্বাধীন সরকারকে দেশের উন্নতির জন্য গৃহীত সিদ্ধান্তগুলোতে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে, সরকারে কোনো অবস্থান না থাকলেও সংসদীয় প্রক্রিয়ার প্রতি সমর্থন বজায় রাখবে দলটি। ১০টি দলের প্রতিনিধিত্বকারী সাবেক মন্ত্রী এমপি উদয় গাম্মানপিলা বলেছেন, তারাও নতুন সরকারকে সমর্থন করবেন, তবে তারাও কোনো মন্ত্রীর পোর্টফোলিও গ্রহণ করবেন না। বরং তারা প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে জনগণের সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের জন্য কাজ করবে।
সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বাধীন এসএলএফপিও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় সরকারকে সমর্থন জানিয়েছে। জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) জানিয়েছে যে তারা প্রধানমন্ত্রী হিসাবে রনিল বিক্রমাসিংহের অধীনে কোনো সরকারে যোগ দেবে না।
জেভিপি এমপি বিজিথা হেরাথ সাংবাদিকদের বলেন, ‘পুতুল সরকারে নিজেদের জড়াব না আমরা। চিনি ও বন্ড কেলেঙ্কারির অংশীদার হতে চাই না আমরা।’
এদিকে শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। মাহিন্দা রাজাপাকসে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়ার পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিক্রমাসিংহে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির জনগণকে কোনো আশার কথা শোনাতে পারেননি বিক্রমাসিংহে। তিনি জানিয়েছেন, শ্রীলংকায় আর মাত্র একদিনের পেট্রোল আছে।
নতুন প্রধানমন্ত্রী আরও বলেছেন, তিনি সত্য লুকাবেন না। সামনে শ্রীলংকার জনগণের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে।
এ ব্যাপারে নতুন প্রধানমন্ত্রী বলেন, আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে। এ মুহূর্তে আমাদের মাত্র একদিনের পেট্রোল মজুদ আছে।
তিনি আরও জানিয়েছেন, ডলারের অভাবে পেট্রোল নিতেও পারছেন না। তিনটি জাহাজ শ্রীলংকার উপকুলে দাঁড়িয়ে আছে। ডলার পেলে সেগুলো পেট্রোল দেবে। কিন্তু ডলার না থাকায় সেগুলো খালাস করতে পারছেন না।



