
সোমবার থেকে বাংলাদেশে রাত ৮টার পর দোকানপাট ও শপিং মল বন্ধ থাকবে
আগামীকাল সোমবার থেকে সারা দেশে রাত ৮টার পর কোনো ধরনের দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। আজ রোববার ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী অব্যাহতভাবে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’র ১১৪ ধারার বিধান অনুযায়ী সারাদেশে রাত আটটার পর শপিংমল, মার্কেট, বিপণি বিতান ও কাঁচা বাজারসহ কোনো ধরনের দোকান খোলা রাখা যাবে না।
এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এমপ্লয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ,বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ সকল ব্যবসায়ী মালিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।



