
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেখ হাসিনাকে পাকিস্তানের শুভেচ্ছা
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ শুক্রবার পাঠানো এক বার্তায় তিনি নিজের ও দেশের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। ঢাকায় নিযুক্ত পাকিস্তান দূতাবাস বার্তাটি প্রকাশ করেছে।
শেহবাজ শরীফ বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ সমাপ্তিতে, আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সেদেশের জনগণকে পাকিস্তানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি । ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এই সেতুটির উদ্বোধন এক দৃষ্টান্ত উদাহর। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ও স্থায়ী উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।’
শেখ হাসিনার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের দীর্ঘস্থায়ী উন্নতি ও সমৃদ্ধির জন্য আমি পাকিস্তানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ।’



