প্রবাসবাংলাদেশ

ধানমন্ডি লেকের পাড়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেকের পাড় থেকে মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন মজুমদারের (৫১) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবীন্দ্র সরোবর এলাকা থেকে শনিবার রাত আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে রোববার ভোরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। এক মাস আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন তিনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধানমন্ডি থানা পুলিশ ও নিহতের পরিবার এসব তথ্য জানিয়েছে। এ ঘটনায় ধানমন্ডি থানায় রোববার বিকালে ছিনতাই ও হত্যা মামলা হয়েছে। শাহাদতের স্ত্রীর ভাই মো. জুয়েল এ মামলা করেন। ঘটনার রহস্য উন্মোচনে থানা পুলিশের পাশাপাশি কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিহতের বড় ভাই মোতালেব হোসেন যুগান্তরকে জানান, শাহাদত বিদেশি জাহাজে প্রধান ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি কলাবাগানের বাসা থেকে বের হন। গিয়েছিলেন ধানমন্ডির লেকপাড়ে হাঁটাহাঁটি করতে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাসায় ফিরছিলেন না। তখন তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও খোঁজ মিলছিল না। এরপর স্বজনরা যোগাযোগ করেন ধানমন্ডি থানায়। পরে থানা থেকে লাশ উদ্ধারের কথা জানানো হয় তাদের।

মোতালেব জানান, তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না, কেন এমন হলো। শাহাদতের বেশি সময় দেশের বাইরেই কাটত। জাহাজে চাকরির কারণে দীর্ঘ বিরতিতে দেশে ফিরতেন। পারিবারিক বা পেশাগতভাবে তার সঙ্গে কারও কোনো সমস্যা ছিল বলে তাদের জানা নেই। ফলে তিনি হাঁটতে বের হলেও এ নিয়ে তাদের কোনো শঙ্কা কাজ করত না।

এদিকে রহস্য উন্মোচনে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। এখন পর্যন্ত এ ঘটনার নেপথ্যে ছিনতাইকারীরা রয়েছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) হুমায়ুন কবীর বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত হচ্ছে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া যুগান্তরকে বলেন, ঘটনাস্থলের ১০-১৫ গজ দূরে রক্তমাখা একটি ধারালো চাইনিজ ছুরি পাওয়া গেছে। এ পর্যন্ত ঘটনার পারিপার্শ্বিক অবস্থা থেকে মনে হয়েছে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তিনি। তবে এখনই কোনোকিছু নিশ্চিতভাবে বলার সুযোগ নেই। আমরা তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

শাহাদতের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের পিরোজপুরে। বাবার নাম আবদুল বারী মজুমদার। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছোট। তার এক ছেলে ও দুই মেয়ে আছে। স্ত্রীর নাম আজমির সুলতানা। তিনি বর্তমানে রাজধানীর কলাবাগানের নর্থ সার্কুলার রোডে পরিবারের সঙ্গে থাকতেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension