বাংলাদেশ

আদালতের কাজে সরকার কখনো হস্তক্ষেপ করে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি গত পরশুদিন বলেছি আজকেও বলছি। সরকার আদালতের কোন মামলা চলাকালীন সময়ে কখনো হস্তক্ষেপ করে না। আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত দিচ্ছে। আমি এটর্নি জেনারেলের কাছ থেকে শুনেছি হাইকোর্টে যে জামিন দেওয়া হয়েছিল। সেখানে আইনের কিছু ব্যত্যয় ঘটেছিল সেজন্য তিনি আপিল বিভাগে গিয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার তিনজন আইনজীবীকে আদালতে তলব প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের বিজ্ঞ জেলা জজ এবং অন্যান্য বিচারকগণ প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন এবং একটি ভিডিও পাঠিয়েছেন সেখানে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের (আইনজীবীর) আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি কনটেম্পট রুল ইস্যু করেছে। এখন এটা বিচারিক ব্যপার। আদালত বিচার করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে, তিনি ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে দশটায় আখাউড়া এসে পৌঁছেন। পরে তিনি সড়ক পথে নিজ বাড়ি কসবার উদ্দেশ্যে রওনা করেন। তিনি কসবা প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে যোগদান করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension