
ইমন হোসেন
রঙিন আঁধার বুকের নদীতে ভাসে,
জীবনের পথে অদৃশ্য অবরোধ;
শিশির ঝরেনা আর হৃদয়ের ঘাসে,
পরাজয় আজ নেয়না তো প্রতিশোধ!
তৃষ্ণা কাতর চৈত্রের প্রান্তরে,
মরিচীকা কত মায়াবী শ্রাবণ ঢালে;
শব্দের ঢেউ বৃক্ষের অন্তরে,
নিরবেই ঝরে ফুটলোনা কোনোকালে!
ঝর্ণার খোঁজে পার্বতী পথ জুড়ে,
অনন্ত কাল হেঁটেছি প্রতীক্ষায়,
শুধু হাহাকার মিলেছে হৃদয় খুঁড়ে,
সাঁঝের আগেই সূর্যটা মুছে যায়।
নিভৃতে পোড়ায় মোহিনী আলোর চাঁদ,
আহত ডানায় অবসাদে ডুবে চিল;
দহনে সাজাই প্রাণের অধরা সাধ,
হৃদ নীলিমায় হাসে বিষাদের নীল!



