
ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে দর্শকদের দুয়ো শুনলেন ট্রাম্প
মাস দুয়েক আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি ও চেলসির ম্যাচ দেখতে গিয়ে কি কাণ্ডটাই না করে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! সেই রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় তিনি। এবার ইউএস ওপেনর ফাইনালে গিয়ে আরও একটি বিতর্কিত কাণ্ড ঘটালেন ট্রাম্প।
আর্থার অ্যাশের ফ্ল্যাশিং মিডোতে রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। সে ম্যাচে অবশ্য সিনারকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছেন আলকারাজ।
ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিরাপত্তা বাড়াতে গিয়েই ৩০ মিনিট সময় নষ্ট হয়ে যায়। ফলে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের আধাঘণ্টা পর।
সেখানে ভাষণ দিয়েছেন ট্রাম্প, তার সেই ভাষণ দেখানো হয়েছে আর্থার অ্যাশের টিভি স্ক্রিনে। তিনি ভাষণ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দর্শকরা তাকে দুয়োধ্বনি দিতে শুরু করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ট্রাম্পের কারণে বেশ বিরক্ত হয়েছিলেন উপস্থিত দর্শকরা। এক দর্শক জানিয়েছেন, ট্রাম্পের কারণে তার ম্যাচ দেখতে দেড় ঘণ্টা দেরি হয়েছে। আরেকজন দর্শক বলেছেন, পার্কিং লটে গাড়ির জট বেঁধে গিয়েছিল। মানুষজন মাইলের পর মাইল হেঁটেছিলেন।
ফাইনালে ইয়ানিক সিনারের বিপক্ষে কার্লোস আলকারাজের জয়ের পর অন্যরা যখন করতালিতে অভিনন্দন জানাচ্ছিলেন, ট্রাম্প ছিলেন তখন বিমর্ষ। তার ওই মুহূর্তের মুখভঙ্গি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিম’ হিসেবে ছড়িয়ে পড়েছে।
ইউএস ওপেনের ফাইনালে যে দু’জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন, তাদের কেউই যুক্তরাষ্ট্রের নন। আলকারাজ স্পেনের, আর ইয়ানিক সিনার ইতালির।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শেষ গ্র্যান্ড স্লামের ফাইনাল শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় বেলা ২টায়। তবে ডোনাল্ড ট্রাম্পের কারণে খেলা শুরু হয় আধা ঘণ্টা দেরিতে। ইউএস ওপেনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে এবং দর্শকদের আসনে পর্যাপ্ত সুযোগ করে দিতে খেলা শুরুর সময় পেছানো হয়েছে।
ট্রাম্পের কারণে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের জন্য খোলা হয় মাত্র একটি দরজা। সেই দরজা দিয়ে দর্শকদের প্রবেশ করানো হয় স্ক্যানিংয়ের মাধ্যমে। যে কারণে স্টেডিয়ামের বাইরে দর্শকদের ভিড় তৈরি হয়। যখন খেলা শুরু হয়, তখনও গ্যালারির অনেক অংশ ফাঁকা ছিল।
ফাইনালে ইতালির সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জেতেন স্পেনের কার্লোস আলকারাজ।



