
এবার মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালাল হুতিরা
লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। আজ বৃহস্পতিবার হুতিরা আরও দাবি করে, তারা ইসরায়েলি বিমানবন্দর ও একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের কোনো তথ্য তারা জানায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এর আগে ইয়েমেন থেকে আসা কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েল। এ দাবির পরই হুতিরা হামলার তথ্য দিল।
হুতি বলছে, তারা বেন গুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হামলা হয়েছে তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা জেরুজালেমসহ একাধিক এলাকায় বিমান হামলার সাইরেন সক্রিয় করার পর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
হুতি জানায়, লোহিত সাগরে শত্রুপক্ষের যুদ্ধজাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার মধ্যে আমেরিকান বিমানবাহী রণতরী (ইউএসএস হ্যারি এস) ট্রুম্যানও ছিল। ইয়েমেনের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা বলে জানায় হুতিরা।
এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনে সশস্ত্র সংগ্রাম করছে হুতিরা। ইয়েমেনের অধিকাংশ অঞ্চলই এখন তাদের দখলে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েরি হামলা শুরু হলে এর প্রতিবাদে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা ১০০ এর বেশি হামলা চালিয়েছে।
এরপর হুতিদের থামাতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে হামলা শুরু হয়। কিন্তু আমেরিকার প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। তাই নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এসে আবারও হুতিদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন। এরপর গত ১৫ মার্চ থেকে হামলা হচ্ছে সেখানে।



