
আয়রা শেখ
সন্ধ্যার নিয়ন আলো;
দৃষ্টিগোচর প্রেমযুগল
কামিনীর তীব্র অবমাননা—
মর্গে থাকা লাশের গায়ে মাখা প্রেম অবমাননা।
ললাটে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামে লুকায়িত কত শত আর্তনাদ—
শুষ্ক ওষ্ঠে তবুও যেন অদৃশ্য প্রেম কবিতা।
বোহেমিয়ান কামিনীর কারাগার বন্দি,
আঁধারে দ্বিপ্রহর প্রেম ।
ঝুম বৃষ্টি, অলি-গলি বৃষ্টিতে অলিখিত প্রেম কাহিনী—
সন্ধ্যার নিয়ন আলোয় দ্বিধায় কামিনী,
বেনুনির ভাঁজে গেঁথে রাখা আষ্টেপৃষ্টে বকুলের
গায়ে লেগে থাকা শেষ সময়।
অলিখিত চিঠি;
অলিখিত কবিতা
অলিখিত প্রেম তবুও বিদায়ের ঘণ্টা—
“ওপারে মেঘের দেখা”



