
দ্বিতীয় দফা কমল সোনার দাম, ভরি কত?
দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমেছে। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে এখন খরচ পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২১৩ টাকায় নেমে এসেছে।
যারা সনাতন পদ্ধতির সোনা কিনতে চান, তাদের জন্য প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে গত ২৩ এপ্রিলও বড় অঙ্কের দাম কমিয়েছিল বাজুস, যেখানে ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। বছরজুড়ে সোনার দামে অস্থিরতা থাকলেও চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ৫৭ বার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে।



