
নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে বিএনপি
রূপসী বাংলা ডেস্ক:বিএনপি আগামী জাতীয় নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
খুলনা সিটি কর্পোরেশন ও বার কাউন্সিল নির্বাচনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, ‘আগামী নির্বাচনে জেতার আশা হারিয়ে ফেলেছে বিএনপি। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নানান ছল ছুতায় তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে।’
তিনি আরো বলেন, ‘এখন বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা নির্বাচনে আসবে কি আসবে না। এর জন্য আওয়ামী লীগকে দোষ দিয়ে কোনও লাভ নেই।’
নির্বাচনে বিএনপির হারের ধারা শুরু হয়ে গেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘পর্যবেক্ষকরা বলছে, খুলনায় দু-তিনটা অনিয়ম ছাড়া প্রত্যেকটাতেই নির্বাচন ফেয়ার হয়েছে। শুধুমাত্র বিএনপি এই নির্বাচন মেনে নিতে পারেনি। নির্বাচন ফেয়ার না হলে বিএনপি এত ভোট পেল কি করে? তারা তো এক লাখ দশ হাজার ভোট পেয়েছে।’
বিএনপির ভোট কমে যাচ্ছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘বার কাউন্সিলেও শুনি নতুন অভিযোগ, ‘এখানেও নাকি কারচুপি হয়েছে। বার কাউন্সিলের নির্বাচনে প্রিজাইডিং অফিসাররা প্রত্যেকেই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখানেও কারচুপি? এরা আসলে আগামী নির্বাচনে জিতবে এ ধরনের আশা হারিয়ে ফেলেছে।’
বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি বা জামিনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার জামিন হয়েছে আইনি প্রক্রিয়ায়। এটা সরকারের কোনও বিষয় না। আদালতের বিষয়। এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আইনি লড়াইয়ে যান, আইনি লড়াইয়ে আপনাদের এক মামলায় জামিন হয়েছে, আরও মামলা আছে। লড়াই করুন আদালতই জামিন দিতে পারে।’
খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সরকার তাকে মুক্তি দিচ্ছে না বিএনপির এমন অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘মামলা কয়টা, জামিন কয়টার হবে? আর এটা তো আমাদের বিষয় নয়। আওয়ামী লীগ তো মামলাও দেয়নি, জামিনও দেয়নি। এই মামলা করেছে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। মনে হচ্ছে এই মামলা যেন আওয়ামী লীগ দিয়েছে।
এ সময় মঞ্চে উপস্থিত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার দৃষ্টি আকর্ষণ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা কি আমাকে ক্ষমতায় বসিয়ে দিবে। মি. হর্ষবর্ধন শ্রিংলার দেশ কি আমাদের ক্ষমতায় বসাবে? আমাদের ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ।



