
পুলিশ- চিকিৎসক বাদানুবাদ বদলি হলেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে চিকিৎসক সাঈদা শওকত জেনির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশালে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন জানান, ওই ঘটনার জন্য নয়,বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল। স্বাভাবিক প্রক্রিয়াতেই ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে।
গত রোববার (১৮ এপ্রিল) রাজধানীর এলিফ্যান্ট রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশিদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ কাইয়ুমের সঙ্গে ডাক্তার সাঈদা শওকত জেনির বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সাঈদা শওকত জেনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।
ওই ঘটনার পর থেকে চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া হয়।
এছাড়াও বিএমএ-এর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে এলিফ্যান্ট রোডে চিকিৎসককে হেনস্তায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিভাগীয় শাস্তির আওতায় আনার দাবি জানায়।
ওই ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসকদের পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করে আদেশ জারি করে।
লকডাউনের সময় বা অন্য যেকোনো পরিস্থিতিতে পুলিশি চেকপোস্টে ‘চাহিবামাত্র আইডি কার্ড প্রদর্শনেরও’ চিকিৎসকদের প্রতি অনুরোধ করা হয়।❐



