বাংলাদেশ

প্রথমদিনেই মেট্রোরেলের টিকিট বিক্রির মেশিনে ত্রুটি

বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেলে উঠতে রাত থেকেই অপেক্ষায় ছিলেন অনেকেই। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে যাত্রা শুরু করে মেট্রোরেল চলে দুপুর ১২টা পর্যন্ত। প্রথম মেট্রোর যাত্রী হতে প্রচণ্ড শীত আর কুয়াশার মধ্যেও ভোররাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে।

কিন্তু মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে টিকিট বিক্রির তিনটি মেশিনে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এসব মেশিনে টাকা নিলেও, যাত্রীদের টিকিট দিচ্ছে না। ফলে স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এ ত্রুটি ধরা পড়ে। পরে বাধ্য হয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন যাত্রীরা।

উত্তরা উত্তর স্টেশনে মোট তিনটি টিকিট বিক্রির মেশিন রয়েছে। তিনটিতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

এ ছাড়া এর আগে এদিকে আগারগাঁও স্টেশনেও ৮টা ৩৫ মিনিটে যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটি বিকল হয়ে যায়।

যাত্রীরা জানান, সকাল পৌনে ১০টায় আগারগাঁও যাওয়ার জন্য টিকিট কাটতে মেশিনে ১০০ টাকা দেন মুক্তার হোসেন নামে এক যাত্রী। এ সময় তার টাকা মেশিনে আটকে যায়। টিকিটও বের হয়নি।

মো. সাইম নামে আরেক যাত্রীরও ১০০ টাকা মেশিনে আটকে যায়। পরে মেট্রোরেলের এক কর্মী তার নাম ও মোবাইল নম্বর নোট করে নেন।

তবে স্টেশনের দায়িত্বে থাকা মেট্রোরেলের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলতে চাইলে, তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এর পর সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই তিনটি মেশিন বন্ধ থাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension