
প্রধান খবরবাংলাদেশ
বাংলাদেশে আজও নতুন করে কেউ আক্রান্ত হয় নি
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয় নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
অর্থাৎ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জনেই থাকল।
আজ রবিবার দুপুর ১২টায় করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারও দেহে করোনা শনাক্ত হয় নি। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৮ জন।
উল্লেখ্য বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫ জন।
এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে।
আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।
বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী। ♦



