
কবিতা
বাটারফ্লাই ইফেক্ট
এম এ রহমান
কুয়াশা ভেজানো ভোরে…
আড়মোড়া দিয়ে জাগে জীবনের কলরব
দুর্বার নরম বুকে চিকচিক শিশিরের জল
চারিদিকে হলুদাভ নয়নাভিরাম সরিষার ক্ষেত
বাতাসের ভেজা দেহে মন মাতানো সরিষা ঘ্রাণ
ভ্রমরের গুঞ্জন, প্রজাপতি, পাখিদের কলরব…
হৃদয় পল্লীতে দোলা দেয় মনোমুগ্ধকর ঢেউ…
কিছুই হচ্ছে না আজ…! মন পল্লীতে জমাট নীরবতা
জীবনের নাসারন্ধ্রে আর আসে না ফুলের ঘ্রাণ
সুন্দরের দৃষ্টিঢেউ পৌঁছে না নিউরন বাড়িতে
জীবনের চঞ্চলতা ক্ষয়ে ক্ষয়ে হয়েছে নীরব
অন্ধকারে ডুবে গেছে- আমার সকাল, দুপুর সব…
চারুলতা, তুমি কেন চলে গেলে? নীরবে-নিভৃতে…



