
বিএনপির তত্ত্বাবধায়কের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না: তোফায়েল
রূপসী বাংলা ডেস্ক:বিএনপির তত্ত্বাবধায়কের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার (১৯ মে) দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে জেলেদের মধ্যে জেলে পুনর্বাসনের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি এমন একটি দল যার কোনো নীতি নেই। সারাদেশের মানুষ খুলনা সিটির নির্বাচন নিয়ে প্রশংসা করেছে, কিন্তু এই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা রকম কথা বলছে বিএনপি। ভালকে খারাপ বলা আর খারাপকে ভাল বলাই বিএনপির বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন রংপুর, কুমিল্লা, গাইবান্ধা ও খুলনার নির্বাচন সফলতার সঙ্গে করেছে। কোথাও নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু বিএনপি স্বপ্ন দেখে তত্ত্বাবধায়ক সরকারের। তাদের সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। সংবিধান অনুসারে নির্বাচন হবে।
এ সময় মন্ত্রী ইউনিয়নের ৩ হাজার ২শ’ জেলের মধ্যে পুনর্বাসনের চাল বিতরণ শেষে রাজাপুর ইউনিয়নে চাল বিতরণ করেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



