
জসীম উদ্দীন মুহম্মদ
রাস্তায় আজ শুধু রঙহীন মনখারাপের গাড়ি
ট্র্যাফিক জ্যামে আটকে আছে ইচ্ছে বাতি
সিগন্যালগুলো সবুজে জ্বলে ওঠে না কোনোদিন
সবখানে শুধু লাল আর হলুদের দীর্ঘশ্বাস!
এক একটা স্বপ্ন ওড়ে যায় ছাইরঙা পায়রার বেশে
খুঁজে ফেরে হারিয়ে যাওয়া ঘুড়ির সুতো
পুরনো এক শিশি বোতলের ভেতর রাখা আছে
তোমার সেই প্রথম না বলা কথা “ভালোবাসা”!
জল গড়িয়ে পড়ে নিচতলা থেকে আকাশ পর্যন্ত
আর মাছেরা হাঁটে খটখটে শুকনো মাটিতে
আমার আঙুলগুলো লিখতে চায় না আর কবিতা
তারা এখন কেবলই নীরুর বাঁশি বাজাতে চায়!
দেয়ালের ছবিটা হঠাৎ আর্ত চিৎকার করে ওঠে
যখন মধ্যরাতে টেবিল ল্যাম্পটাও গান গায়
আমি জানি, ঘুম ভাঙলেই সব ঠিক হয়ে যাবে না
কারণ পরাবাস্তবতা হলো বাস্তবতারই আয়না!



