কবিতাসাহিত্য

মায়ের ঘ্রাণ থাকে সবখানে

জসীম উদ্দীন মুহম্মদ

ঘুমের নিচেও লুকিয়ে থাকে এক ধুসর আঙুল
যা ছুঁয়ে দেয় মায়ের ডানচোখ, ঘুমোচ্ছেন না তিনি
তিনি কেবল নীলরঙের বাতাসে দুধ গরম করছেন!

দেয়ালের পেছনে বাজে চিরচেনা হালকা কান্না
জানি, ওই শব্দগুলো আসলে
ভাঙা দোচালা ঘরের ছাদ থেকে উঠে আসা নরম মেঘ।
তবু মা জানেন, কবে কার বুক ফেটে যায় শব্দহীন।

অবশ্য আমার জন্ম হয়নি এখনও
তবু মা রোজ রোজ আমাকে ঘুম পাড়ান
তালপাতা দিয়ে বানানো ছায়া-নৌকোয় তুলে দেন
যেখানে নদী নেই
শুধু শব্দ-ছায়ার স্রোত বইছে দিকহীন, বিরামহীন!

আচ্ছা, পৃথিবীর তাবত মায়েরা কি মানুষ, নাকি
সমস্ত সময়ের একটা একটা গোপন দরজা?
যেসব দরজা খুললেই দেখা যায়
আলপনার মতোন আঁকা রঙিন জীবন
আর তার মাঝখানে কাঁপতে থাকা নিঃশব্দ প্রার্থনা।

মা…তিনি আছেন সবখানে, ঘ্রাণে, কথায়, অন্তরে
তিনি হয়তো একটা পুরোনো আয়নার মতোন
যেখানে কেবল মুখ নয়, দেখা যায় আশৈশব।
অথবা মা যেন ঘরে ফিরে আসা সেই মায়াবী আলো
যে আলোর নীরব ভাষা কোনো শব্দ জানে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension