প্রধান খবরবাংলাদেশ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: গ্রেপ্তারের পর সেই আয়েশাকে নিয়ে যে তথ্য দিলো পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

দুপুরে আয়েশাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তার স্বামীকে ঢাকার সাভার এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে আশেয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

এডিসি মোহাম্মাদ জুয়েল রানা জানান, ক্লু-লেস এই জোড়া খুনের রহস্য উদঘাটন করতে গিয়ে পুলিশ জানতে পারে- ৬ মাস আগে মোহাম্মাদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরিও করেছিলেন আয়েশা।

এর আগে গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪তলা একটি ভবনের সপ্তম তলার বাসা থেকে গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) ও তার স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সকাল ৯টা ৩৬ মিনিটে সাদা সালোয়ার কামিজ, প্রিন্টের ওড়না ও পায়ে কেডস জুতা পরে ভবনের সিঁড়ি দিয়ে ধীরস্থিরভাবে নেমে আসছেন এক তরুণী। তার পিঠে ব্যাগ ও মুখে ছিল মাস্ক। ওই সময় ভবনের প্রধান প্রবেশপথে বসে ছিলেন তিনজন। ওই তরুণী বের হওয়ার সময় তাদের একজন উঠে দাঁড়িয়ে গেট খুলে দেন। পরে ভবন থেকে বেরিয়ে ওই তরুণী অটোরিকশায় উঠে চলে যান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension