
সারাদেশে মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯
রূপসী বাংলা ডেস্ক:মাদকবিরোধী অভিযানে দেশের ৭ জেলায় র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব অভিযানে আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০ জন সদস্য।
জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া: জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ২ জন। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, এলজি, গুলি, ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধা: পলাশবাড়িতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অভিযুক্ত জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রাজু নিহত হয়েছে। এ সময় র্যাবের ২ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল গাঁজা ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
ফেনী: ফেনীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধের পর একজনের মৃতদেহ উদ্ধার করেছে র্যাব। সেখান থেকে একটি প্রাইভেট কার, বিপুল ইয়াবা, আগ্নেয়াস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকসহ কয়েকটি মামলা রয়েছে।
রংপুর : রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহিন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত শাহিন মিয়া তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
বুধবার ভোরে সদর উপজেলার হাজিরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ।
কুমিল্লা: জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ মামলার আসামি এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে সময় কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
জামালপুর: জেলায় কথিত বন্দুকযুদ্ধে মোশারফ হোসেন বিদ্যুৎ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সদর থানা পুলিশের ওসি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১ হাজার পিস ইয়াবা ও ১শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জামালপুর শহরের ছনকান্দা বালুর ঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে বুধবার দিবাগত রাত ৩টায় মাদক ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও : সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলতাফুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ভাতারমাড়ী ফার্ম নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট: জেলার সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এশার আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। বুধবার ভোরে উপজেলার ধরলার চরাঞ্চলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত এশার আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দুই জেলার সীমান্তের এন্তাজ আলীর ছেলে।
মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশের পর দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছে।



