
৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস, থাকবে সাধারণ ছুটি
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দিন ৫ অগাস্টকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করছে সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১৯ জুন) উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হবে। এ বছর থেকে প্রতিবছরই এই ছুটি পালিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে জুলাই-অগাস্টের আন্দোলনের পুরো বাংলাদেশ যেরকম এক হয়েছিল সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। অনুভূতিটা আমাদের মাঝে আছে, সেটাকে জাস্ট রিইনফোর্স করা।’
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জানান, ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে, চলবে ৫ অগাস্ট পর্যন্ত।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়িত্বশাসন নিয়ে একটি কমিটি হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন উপদেষ্টা সি আর আবরার।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এসেছে। আগে যখন টেলিভিশনগুলো লাইসেন্স দেওয়া হয়েছে অধিকাংশ ক্ষেত্রে একটি পলিটিক্যাল পার্টির আইডোলজিকে সার্ভ করার জন্য দেওয়া হয়েছে। সামনে আরও যদি টিভি লাইসেন্স দেওয়া হয় সেক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে সেগুলো উনারা পর্যালোচনা করবেন।’
শফিকুল আলম বলেন, ‘জুলাই প্রোকলেমেশন ছাত্র-জনতার একটি দাবি। আগামী ৫ অগাস্টের আগেই যাতে করে এই জুলাই প্রোকলেমেশন ঘোষণা করা যায় সেজন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রধান রাখা হয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যারকে। আরও কয়েকজন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যারের নেতৃত্বে কাজ করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উনারা দ্রুতই এই প্রোকলেমেশন প্রকাশ করবেন।’



