
আওয়ামী লীগের বিজয় সমাবেশে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় উদযাপনে বিজয় সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। শনিবার দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ বিজয় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে থাকেন।সকাল ১০টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকারণ্য হয়ে উঠেছে। ‘জয় বাংলা’ স্লোগানে উদ্যান মুখরিত। নেতাকর্মীদের মধ্যে নারীদের পরনে লাল ও সবুজ রঙের শাড়ি এবং ছেলেদের বেশিরভাগ লাল ও সবুজ রঙের গেঞ্জি ও টুপি পরে সমাবেশে যাচ্ছেন।

বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘বিজয়ের এ দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘বারবার দরকার শেখ হাসিনার সরকার’, ‘যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা, শেখ হাসিনা’ ইত্যাদি শ্লোগান দিচ্ছেন তারা। এদিকে এই বিজয় সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, এই বিজয় সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর আড়াইটায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় উদযাপন করতেই এই আয়োজন। নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিক এই কর্মসূচিকে জনসমুদ্রে রূপ দিতে চায় ক্ষমতাসীনরা। সেই লক্ষ্যে যথেষ্ট প্রস্তুতিও গ্রহণ করেছেন তারা।
ইতোমধ্যে সভামঞ্চে এসে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজের গান পরিবেশনার মধ্য দিয়ে বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আরোহণ করেন। দুপুর আড়াইটার পর সমাবেশের মূল পর্ব শুরু হলেও তার আগে সংস্কৃতি মঞ্চে চলে দেশবরেণ্য শিল্পীদের গান। এ মঞ্চ থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থিম সং ‘জিতবে এবার নৌকা’ কোরাসে গান পরিবেশন করেন শিল্পীরা।
সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত আছেন। আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী, সংস্কৃতি ও বিনোদন জগতের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

জানা গেছে, বিজয় সমাবেশে প্রধানমন্ত্রী বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ের জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীকে ধন্যবাদ জানাবেন তিনি। এর আগে সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে শুরু করে। এসময় নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে এসেছেন। রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা চতুর্থ বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।



