
অস্ট্রিয়ায় শিশুখাদ্যের জারে বিষ শনাক্ত, সতর্কতা জারি
অস্ট্রিয়ার ১০০০-এরও বেশি সুপারমার্কেট থেকে ‘হিপ’ ব্র্যান্ডের শিশুখাদ্য সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ নিশ্চিত করেছে যে, একটি জারের ভেতরে ইঁদুর মারার বিষ পাওয়া গেছে। একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ‘গাজর ও আলু’ স্বাদের একটি জার পরীক্ষা করে এই মারাত্মক বিষের উপস্থিতি শনাক্ত হয়।
পুলিশ জানিয়েছে, বিষ মিশ্রিত জারগুলোতে কিছু নির্দিষ্ট লক্ষণ থাকতে পারে যা দেখে তা চিহ্নিত করা যায়।
হিপ কর্তৃপক্ষের দাবি, এটি কোনো সাধারণ কারিগরি ত্রুটি নয়, বরং এটি একটি পরিকল্পিত অপরাধ। সুপারমার্কেটের সরবরাহ লাইনে বাইরের কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে এই বিষ মিশিয়েছে। অস্ট্রিয়া ছাড়াও চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াতেও একই ধরনের জারে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জার্মানি থেকেও বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে ‘স্পার’ সুপারমার্কেট তাদের অস্ট্রিয়ার ১,৫০০টি দোকান থেকে এই নির্দিষ্ট পণ্যটি তুলে নিয়েছে। যারা ইতিমধ্যে এই শিশুখাদ্য কিনেছেন, তাদের তা শিশুকে না খাওয়ানোর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পণ্য ফেরত দিলে গ্রাহকরা পুরো অর্থ ফেরত পাবেন। পুলিশ আরো জানিয়েছে, জারের ভেতরের খাবার খাওয়া প্রাণঘাতী হতে পারে, তাই কেউ ভুলবশত জারের সংস্পর্শে এলে দ্রুত হাত ধুয়ে নেওয়া জরুরি।
সূত্র : রয়টার্স



