
পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার
চলতি অর্থবছরে ব্যয় প্রায় ১৩৪ বিলিয়ন ডলার, রাজ্যের বাজেটে বাড়ছে স্বাস্থ্যসেবার চাপ
শাহ্ জে. চৌধুরী :
নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বল্প আয়ের মানুষ, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সরকারি কর্মসূচি মেডিকেইডে ব্যয় গত পাঁচ বছরে প্রায় ৪৫ বিলিয়ন ডলার বেড়েছে। চলতি অর্থবছরে এ ব্যয় প্রায় ১৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অঙ্গরাজ্য সরকার।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যার বয়স বৃদ্ধি, চিকিৎসাসেবার ব্যয় বেড়ে যাওয়া এবং হোম হেলথ কেয়ার কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বৃদ্ধিকে মেডিকেইড ব্যয় বাড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অঙ্গরাজ্যের মোট প্রায় ২৮২ বিলিয়ন ডলারের বাজেটের প্রায় অর্ধেকই মেডিকেইড কর্মসূচির পেছনে ব্যয় হচ্ছে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মাথাপিছু মেডিকেইড ব্যয়ে নিউইয়র্ক শীর্ষে রয়েছে।
তবে ব্যয়ের এই ঊর্ধ্বগতির মধ্যেও ২০২৮ ও ২০২৯ অর্থবছরে মেডিকেইড ব্যয় বৃদ্ধির হার যথাক্রমে ১ শতাংশ ও ১ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসপাতাল ও নার্সিং হোমের সেবার জন্য অর্থ পরিশোধের হার বৃদ্ধি এবং ওষুধের ক্রমবর্ধমান মূল্যও ব্যয় বাড়াচ্ছে। পাশাপাশি মেডিকেইড ও মেডিকেয়ার—উভয় কর্মসূচির আওতাভুক্ত প্রবীণ এবং দীর্ঘমেয়াদি পরিচর্যা গ্রহণকারীদের পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হচ্ছে।
বর্তমানে মেডিকেইড ব্যয়ের প্রায় ৬০ শতাংশই পরিচালিত হচ্ছে প্রবীণ ও দীর্ঘমেয়াদি পরিচর্যার সঙ্গে সংশ্লিষ্ট কর্মসূচির আওতায়। ২০৩০ সালের মধ্যে নিউইয়র্কের মোট জনসংখ্যার ২১ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০১০ সালে এই হার ছিল ১৩ শতাংশ।
এদিকে ২০৩০ সালে নিউইয়র্কের মেডিকেইড কর্মসূচিতে ফেডারেল সরকারের অর্থায়ন আগের বছরের প্রায় ৭৬ বিলিয়ন ডলার থেকে কমে ৬৯ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা ব্যয়, প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং ফেডারেল অর্থায়নের সম্ভাব্য হ্রাস—সব মিলিয়ে আগামী বছরগুলোতে নিউইয়র্কের রাজ্য বাজেটের ওপর মেডিকেইড কর্মসূচির আর্থিক চাপ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।



