
মার্কিন নাগরিক হয়েও সীমান্তে ৫ হাজার ডলার জরিমানা!
নির্ধারিত প্রবেশপথের বাইরে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ; পুরোনো গ্রেপ্তারি পরোয়ানায় আটক
হোসনেআরা চৌধুরী :
যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া সত্ত্বেও নির্ধারিত সীমান্ত প্রবেশপথ ব্যবহার না করে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ৫ হাজার ডলার জরিমানার মুখে পড়েছেন এক ব্যক্তি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস পুলিশের একটি সক্রিয় ফৌজদারি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) জানায়, গত ১৫ অক্টোবর দুপুর প্রায় ২টার দিকে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির ডুলজুরা এলাকার মাইন ক্যানিয়নের কাছে সীমান্ত অতিক্রমের পর ওই ব্যক্তির মুখোমুখি হন সীমান্তরক্ষীরা।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি নিজেকে মার্কিন নাগরিক বলে দাবি করলেও তাৎক্ষণিকভাবে পরিচয় বা নাগরিকত্ব প্রমাণের মতো কোনো নথি তাঁর কাছে ছিল না। পরবর্তী যাচাই-বাছাইয়ে তাঁর পরিচয় ও মার্কিন নাগরিকত্ব নিশ্চিত হয়।
তবে পরিচয় যাচাইয়ের সময় তাঁর বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের জারি করা একটি সক্রিয় felony গ্রেপ্তারি পরোয়ানার তথ্যও পাওয়া যায়। অভিযোগটি কথিত পারিবারিক সহিংসতাসংক্রান্ত।
CBP জানায়, মার্কিন নাগরিক হলেও নির্ধারিত সীমান্ত প্রবেশপথের বাইরে দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেডারেল আইনের লঙ্ঘন। এ কারণে তাঁর বিরুদ্ধে ৫ হাজার ডলারের দেওয়ানি জরিমানা আরোপ করা হয়। পরে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে সান দিয়েগো কাউন্টি শেরিফের দপ্তরে হস্তান্তর করা হয়।
সান দিয়েগো সেক্টরের ইউএস বর্ডার প্যাট্রল প্রধান জাস্টিন ডি লা তোরে বলেন, মার্কিন নাগরিকত্ব থাকলেও নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করে দেশে প্রবেশের আইনি বাধ্যবাধকতা থেকে কেউ অব্যাহতি পান না।
কর্তৃপক্ষের এ ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রেও সীমান্ত পারাপারের নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে চলা বাধ্যতামূলক।



