
আপনার ইসলামাবাদে থাকা উচিত, কিছু একটা ঘটতে পারে : সাংবাদিককে ট্রাম্প
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আগামী দুই দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে।
পত্রিকাটি জানায়, ফোনে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা চলছে, তবে কিছুটা ধীরগতিতে। ট্রাম্প আরো ইঙ্গিত দেন, ইউরোপে আবারও আলোচনা হতে পারে।
পত্রিকাটি আরো জানায়, প্রায় আধা ঘণ্টা পর ট্রাম্প তাদের সাংবাদিককে আবার ফোন করেন।
তিনি বলেন, ‘আপনার সত্যিই সেখানেই (ইসলামাবাদে, যেখানে আগে আলোচনা হয়েছিল) থাকা উচিত। কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে এবং আমরা সেখানে যাওয়ার দিকেই বেশি আগ্রহী।’
তিনি আরো বলেন, ‘এর সম্ভাবনাই বেশি, জানেন কেন? কারণ ফিল্ড মার্শাল দারুণ কাজ করছেন।’ ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের কথা বলেছেন।
যাকে তিনি এর আগে তার ‘প্রিয়’ বলে অভিহিত করেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে মারিয়া বার্টিরোমোর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘প্রায় শেষ’। ফক্স নিউজের অনলাইনে পোস্ট করা সাক্ষাৎকারটির একটি প্রিভিউ ক্লিপে, ট্রাম্পকে সরাসরি জিজ্ঞাসা করা হয় যুদ্ধ শেষ হয়েছে কি না? তিনি উত্তর দেন, ‘হ্যাঁ, আমার মনে হয় এটা প্রায় শেষ। আমি এটাকে প্রায় শেষ হিসেবেই দেখছি।
’
ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই সপ্তাহের শেষের দিকে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। গত সপ্তাহান্তে পাকিস্তানে আলোচনা ভেস্তে যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। যেখানে ওয়াশিংটন ও তেহরান হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন, দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা অবিশ্বাস রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে তিনি বিশ্বাস করেন, ইরানি আলোচকরা একটি চুক্তি করতে আগ্রহী।
তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে না দেওয়াটাই ট্রাম্পের নীতি এবং সেই লক্ষ্যে আলোচনা চলছে। গতকাল নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘শান্তি আলোচনা আগামী দুই দিনের মধ্যেই হতে পারে।’



