
ইরানের ৫ বছর পর্যন্ত পারমাণবিক কার্যক্রম স্থগিত করার প্রস্তাব, যুক্তরাষ্ট্রের না
হোয়াইট হাউস পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ওয়াশিংটন চেয়েছিল তেহরান যেন অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখে।
গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষের জমা দেওয়া বেশ কয়েকটি প্রস্তাবের মধ্যে এটি একটি ছিল, যার কোনোটিই গৃহীত হয়নি। পত্রিকাটির মতে, কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, দ্বিতীয় দফা উচ্চ-পর্যায়ের আলোচনার সম্ভাবনা এখনও থাকতে পারে।
মন্তব্যের জন্য দ্য টেলিগ্রাফ হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
রবিবার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘ইরানকে শুধু এখন বা অল্প সময়ের জন্য নয়, অনেক দীর্ঘ সময়ের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে।’ সোমবার ইসলামাবাদে আলোচনায় তিনি আরো বলেন, “ইরানের পারমাণবিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘রেড লাইন’, অর্থাৎ এটি এমন একটি বিষয় যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি বলেন, ‘আমি সত্যিই মনে করি এখন সিদ্ধান্ত নেওয়ার ভার ইরানের ওপর, কারণ আমরা অনেক বিষয় খোলাখুলিভাবে আলোচনা করেছি।
আমাদের সীমাগুলো কী ছিল, তা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’
পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত করার জন্য প্রস্তাব বিনিময় করেছে, কিন্তু তারা চুক্তিতে পৌঁছাতে পারেনি। তবে আলোচনা থেকে বোঝা যাচ্ছে, একটি শান্তি চুক্তির পথ এখনো খোলা আছে এবং দ্বিতীয় দফা মুখোমুখি আলোচনার সম্ভাবনা রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প রবিবার পুনরায় বলেছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।



