
ইসরাইলি জাহাজে ফের হামলার ঘোষণা ইয়েমেনের
গাজার সীমান্তগুলো পুনরায় চালু করে সেখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরাইলি জাহাজগুলো লক্ষ্যে হামলা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে ইয়েমেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
তিনি বলেন, আনসারুল্লাহ নেতা আবদুল-মালিক আল-হুথির জারি করা নির্দেশ অনুযায়ীই এ হামলা চালানো হবে।
এর আগে আনসারুল্লাহ নেতা আবদুল-মালিক আল-হুথি ইসরাইলি সরকারকে চারদিন সময় দিয়েছিলেন। যাতে তারা গাজার সীমান্তগুলো পুনরায় খুলে দেয়। কিন্তু তেলআবিব হামাসের হাতে থাকা বন্দিদের মুক্তি আদায়ের লক্ষ্যে এই সীমান্তগুলো বন্ধ রেখেছে।
এছাড়া গাজার জনগণের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করতেই ইসরাইল এই অবরোধ বজায় রেখেছে। ইতোমধ্যেই টানা ১৫ মাস ধরে তেলআবিবের এই যুদ্ধবিধ্বংসী কর্মকাণ্ডে ফিলিস্তিনিরা ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন।
ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘মধ্যস্থতাকারীরা যদি এই পরিস্থিতির সমাধান করতে ব্যর্থ হয় (অর্থাৎ সীমান্ত খুলে দিয়ে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি), তাহলে ইয়েমেন ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন জোরদার করবে’।
এতে স্পস্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘এই মুহূর্ত থেকে সমস্ত ইসরাইলি জাহাজের জন্য লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মন্দেব প্রণালী এবং এডেন উপসাগরে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো’।
একই সঙ্গে ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘কোনো ইসরাইলি জাহাজ যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করে, তাহলে তা নির্ধারিত এলাকায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে’।



